২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়া-কাওড়াকান্দি লঞ্চ চলাচল এখনো বন্ধ

লঞ্চ মালিক সমিতির বাইরের একটি লঞ্চ চালানো নিয়ে পাঁচদিন ধরে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2013, 04:30 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

সোমবারও বিষয়টি সমাধানে তেমন কোনো উদ্যোগ নেয়া হয়নি বলে লঞ্চ মালিক সমিতি জানিয়েছে।

এতে বাধ্য হয়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার হাজার হাজার যাত্রী ট্রলার, স্পিডবোটসহ নানা ধরনের নৌযানে নদী পার হচ্ছে।

তবে মাওয়া থেকে মাঝিকান্দি (শরীয়তপুর) ঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

গত বৃহস্পতিবার সকালে কাওড়াকান্দি ঘাট থেকে লঞ্চ মালিক সমিতি বহির্ভূত ইয়াকুব বেপারির এমভি শাহ পরান নামের একটি লঞ্চ মাওয়া ঘাটে যায়। সমিতির বাইরের ওই লঞ্চটি মাওয়া ঘাটে গেলে লঞ্চ মালিক ও শ্রমিকরা ভাঙচুর করে এবং লঞ্চটি আটকে রাখে।

এর প্রতিবাদে ইয়াকুব বেপারি ও তার সমর্থকরা বৃহস্পতিবার থেকে তিনদিন কাওড়াকান্দি ঘাট থেকে লঞ্চ চলাচলে বাধা দেয়। গত দুদিনে পরিস্থিতি আরো অবনতি ঘটলে উভয় ঘাট থেকে লঞ্চ পারাপার বন্ধ হয়ে যায়।

কাওড়াকান্দি লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি বাবুল ঢালী বলেন, ‘গত ৫ দিন ধরে ঘাটে লঞ্চ চলাচল করছে না। এ সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি।

গত ২৪ জুলাই অবৈধ লঞ্চ চলাচল নিয়ে পারাপার বন্ধ হয়ে গেলে নৌমন্ত্রীর হস্তক্ষেপে শাহ পরান লঞ্চটি চলাচল নিষেধ করে বিষয়টির সমাধান করা হয়।