পাঁচ দিনের মধ্যে রফিকুলের পাসপোর্ট দেয়ার নির্দেশ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে পাঁচ দিনের মধ্যে পাসপোর্ট দেয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।
এই বিএনপি নেতাকে পাসপোর্ট দেয়ার নির্দেশ কেন দেয়া হবে না- তা জানতে চেয়ে একটি রুলও জারি করেছে হাই কোর্ট। স্বরাষ্ট্রসচিব ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে চার সপ্তহের মধ্যে এর জবাব দিতে হবে।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তাকে সহায়তা করেন আইনজীবী মুহাম্মদ ফারুক হোসেন ও আবদুল্লাহ আল বাকী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল গৌতম চক্রবর্তী।
ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রফিকুল ইসলাম মিয়া তার পাসপোর্টটি মেশিন রিডেবল পাসপোর্টে রূপান্তর করার জন্য জমা দিয়েছিলেন। রোববার (২৫ অগাস্ট ) সেটি দেয়ার কথা ছিল। কিন্তু তা না দেয়ার কারণেই এ রিট আবেদন।
একটি সেমিনারে যোগ দিতে রফিকুল ইসলাম মিয়ার ইংল্যান্ড যাওয়ার কথা। এ কারণে তার পাসপোর্টটি প্রয়োজন বলে এই আইনজীবী জানান।
