তুহিনের ওপর হামলা: রাবি শিবিরের সভাপতি আসামি
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল তুহিনের হাত ও পায়ের রগ কেটে দেয়ার ৮৪ ঘণ্টা পর বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতিসহ ২২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক শাওন সরকার সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে নগরীর মতিহার থানার এ মামলা দায়ের করেন।
থানার ওসি আবদুস সোবহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইসলামী ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আশরাফুল ইসলাম ইমন ও সেক্রেটারি সাইফুদ্দিন ইয়াহিয়াসহ ২২ জনকে আসামি করা হয়েছে মামলার এজাহারে।
গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের আমীর আলী আবাসিক হলের পাশের রাস্তায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহিনের হাত-পায়ের রগ কেটে দেয় শিবিরকর্মীরা।
হামলার সময় হাতবোমাও ফাটানো হয়, যাতে আহত হন এ মামলার বাদি শাওন।
এজাহারে বলা হয়, ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা মোটর সাইকেলে করে এসে দুটি হাতবোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। তারপর তারা ধারালো অস্ত্র দিয়ে তুহিনের মাথায় জখম করে এবং বাঁ হাত ও ডান পায়ের রগ কেটে দেয়।
এ ঘটনায় এ পর্যন্ত ১৫ জনকে আটক করেছে পুলিশ, যাদের মধ্যে নয়জনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
রাজশাহী পুলিশ কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রেপ্তার আবদুল্লাহ আল মাসুম।
সরকার সমর্থক সংগঠন ছাত্রলীগের মধ্যে শিবিরের ‘অনুচর’ রয়েছে এবং তারা ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের সুযোগ নিয়ে বিভিন্ন হামলার ঘটনা ঘটাচ্ছে বলেও সাংবাদিকদের সামনে স্বীকার করেন মাসুম।
তুহিনের হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে শনিবার রাতে রাজশাহী উপশহর এলাকা থেকে মাসুমকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে রাজশাহীর পুলিশ কমিশনার এস এম মুনির-উজ জামান বলেন, তুহিনের ওপর হামলা ও হাত-পায়ের রগ কেটে দেয়ায় নেতৃত্ব দেন মাসুম।
“গত এক বছরে রাজশাহীতে ৬০টি নাশকতামূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছে মাসুম। গত এক বছর ধরে তার পেছনে ছুটে বেড়িয়ে তাকে গ্রেপ্তার করতে পুলিশ সক্ষম হয়েছে।”
মাসুম দাবি করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্প্রতি যে কমিটি হয়েছে সেখানে পদ না পাওয়া সাত নেতার যোগসাজশে তুহিনের ওপর হামলা চালানো হয়।
এর আগে একইভাবে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সহসভাপতি আখেরুজ্জামান তাকিমের ওপর হামলা চালিয়ে হাত-পায়ের রগ কেটে দেয়া হয় বলে তিনি স্বীকার করেন।
অবশ্য ওই সংবাদ সম্মেলনের বক্তব্যকে ‘সাজানো’ আখ্যায়িত করে ছাত্রশিবির দাবি করেছে, মাসুমকে তিন বছর আগেই তারা সংগঠন থেকে বহিষ্কার করেছে।
