চট্টগ্রামে নিজ ঘরে বৃদ্ধা খুন
চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় নিজ ঘরে খুন হয়েছেন এক বৃদ্ধা।
নিহত লায়লা বেগম (৬৭) বাকলিয়ার চাক্তাই এলাকার বাসিন্দা আনোয়ারুল আলমের স্ত্রী।
রোববার রাত ৯টায় সোবহান সওদাগর রোডের নিজ বাড়ি আতিক ভবনের দোতলার বাসা থেকে তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আনোয়ারুল আলম রাতে এশার নামাজ শেষে ঘরে ফিরে স্ত্রীর রক্তাক্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। নিজেদের ওই বাড়িতে তারা দুজনেই থাকতেন।
ওসি মহসিন বলেন, “নিহতের গায়ে অনেকগুলো ধারালো অস্ত্রের আঘাত ছিল।”
খুনের রহস্য উদ্ঘাটনে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
এঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
