ময়লাস্তূপে পাওয়া কঙ্কালের ময়নাতদন্তে বোর্ড
রাজধানীর মাতুয়াইল এলাকায় ময়লার স্তূপে বস্তাবন্দি কঙ্কালগুলোর ময়নাতদন্তে একটি বোর্ড গঠন করা হয়েছে।
বোর্ডের প্রধান করা হয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেলে কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক মাকসুদুর রহমানকে।
তিনি জানান, বোর্ডের অন্য তিনজন হলেন ফরেনসিক বিভাগের ডা. হাসনা হোসেন আঁখি, অ্যানাটমি বিভাগের ডা. কৃঞ্চ চন্দ্র কুন্ডু ও নাজমুল হক।
ময়নাতদন্তে অ্যানাটমি বিভাগের চিকিৎসক নেয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা অনেক কিছু জানতে চেয়েছেন। যেমন, হাড়গুলোর বয়স, লিঙ্গ সনাক্তকরণ, কোন অঙ্গের কোন হাড়।
“এসব প্রশ্নের সঠিক উত্তর পাওয়ার সুবিধার্থে অ্যানাটমি বিভাগের চিকিৎসকদের নেয়া হয়েছে।”
শুক্রবার ভোররাতে মাতুয়াইলের মৃধাবাড়ি এলাকায় ময়লার স্তূপে বস্তার ভেতর অন্তত তিনজনের কঙ্কালের অংশবিশেষ পায় সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা।
ওই বস্তায় পা ও মাথাসহ মানব দেহের বিভিন্ন অংশের ১৬টি হাড় ছিল। এর মধ্যে মাথার দুটি খুলি, সাতটি পা, তিনটি হাত ও একটি পাজরের হাড় রয়েছে।
এছাড়া ঘটনাস্থল থেকে মানব শরীরের বিভিন্ন অংশের ১৩টি ছোট ছোট টুকরা উদ্ধার করা হয়।
