না.গঞ্জ থেকে লুট হওয়া মাল যশোরে উদ্ধার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে লুট হওয়া ৩৫ লাখ টাকার মালামাল যশোর থেকে উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে দুজনকে।
রোববার ভোরে যশোরের বকচর এলাকার রকি ও রুবি এন্টারপ্রাইজ থেকে এ মালামাল জব্দ করা হয় বলে জানায় পুলিশ।
আটককৃতরা হলেন- শহরের বারান্দিপাড়া এলাকার খুরশীদের ছেলে জাভেদ (৩৮) ও সিটি কলেজপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে ইস্রাফিল (৪৫)।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি এমদাদুল হক বলেন, লুব্রিকেন্টস, গিয়ার অয়েলসহ ৩৫ লাখ টাকার বিভিন্ন উপকরণ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গত ২১ অগাস্ট ছিনতাই করে যশোরে নিয়ে আসে দুর্বৃত্তরা।
গোপন সংবাদের ভিত্তিতে বকচর এলাকার একটি গোডাউন থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।
লুটের ঘটনায় জড়িত আরও কয়েকজনকে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।
