কারাভোগের পর ২৭ জনকে ঠেলে দিল বিএসএফ
ভারতে কারাভোগের পর শনিবার সাতক্ষীরা সীমান্ত দিয়ে ২৭ বাংলাদেশিকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রাতে সাতক্ষীরা সদরের ভাড়–খালী বাদামতলা থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার তাদের আদালতে পাঠানো হয়।
বিজিবি জানায়, তাদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৫ শিশু রয়েছে। এরা সবাই কক্সবাজার জেলার বাসিন্দা।
আটকদের বরাত দিয়ে সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর আনোয়ারুল মাযহার জানান, ভালো কাজের সন্ধানে এক বছর আগে সাতক্ষীরা সদরের তলুইগাছা সীমান্ত দিয়ে ভারত যান।
তামিলনাড়ুর একটি কারখানায় কিছুদিন কাজ করার পর পুলিশের হাতে ধরা পড়ে জেলে যান।
তিন মাস কারাভোগের পর গত শুক্রবার বিএসএফ তাদের উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের পাখিরডাঙ্গা সীমান্তে নিয়ে আসে।
শনিবার বিএসএফ সদস্যরা তাদের সাতক্ষীরার সীমান্তবর্তী দাঁতভাঙ্গা বিলে ঠেলে দেয়।
সেখান থেকে হেঁটে সদর উপজেলার বাদামতলা এলাকায় পৌঁছলে বিজিবি টহল দলের সদস্যরা তাদের আটক করে। রাতেই তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।
সদর থানার ওসি শাহজাহান আলী খান জানান, আটককদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দিয়ে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে।
