লক্ষ্মীপুরে কলেজছাত্রীকে ‘অপহরণ’
লক্ষ্মীপুর সদরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় পিস্তল ঠেকিয়ে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ করেছেন স্বজনরা।
শনিবার সকালে উপজেলার উত্তর দত্তপাড়া গ্রামে নিজের বাড়ি থেকে সন্ত্রাসীরা ওই ছাত্রীকে নিয়ে যায় বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন তার বাবা।
অপহৃত ছাত্রী ঢাকার ধনিয়া কলেজে অধ্যয়ন করছেন।
তার বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্প্রতি পাশের বশিকপুর গ্রামের বাবলু তার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু তারা ওই প্রস্তাবে রাজি না থাকায় সকাল ১০টার দিকে বাবলুর নেতৃত্বে তিনটি মোটরসাইকেলযোগে ৬/৭ সশস্ত্র সন্ত্রাসী তার মেয়েকে তুলে নিয়ে যায়।
দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. নুরনবী জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই ছাত্রীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
