বেলকুচিতে শিশু ধর্ষণ, সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিকালে এলাকাবাসী ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এমদাদুল হক লেবুকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাহাত খান বলেন, শুক্রবার বিকালে গ্রামের ওই শিশু শিক্ষার্থীকে টিভি দেখানোর কথা বলে ফুসলিয়ে নিজের ঘরে নিয়ে যায় এমদাদুল হক লেবু।
পরে শিশুটির চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে এবং লেবুকে পিটুনি দেয়।
লেবু উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বলেও তিনি জানান।
তবে এ ঘটনা পর শনিবার সন্ধ্যার দিকে ওই পদ থেকে দলীয় সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার। বহিষ্কারের ঘোষণা দিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তিও দেয়া হয়েছে।
শনিবার সকালে গ্রামের কয়েকশ’ মানুষ লেবুর বাড়িতে ভাঙচুর চালায়।
এ ঘটনায় শিশুটির বাবা একটি মামলা করেছেন বলে জানিয়েছেন বেলকুচি থানার ওসি আব্দুল হাই।
