২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ইয়াসমিন দিবস পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরে পালিত হয়েছে কিশোরী ইয়াসমিন হত্যার ১৮তম বার্ষিকী।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2013, 07:52 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

১৯৯৫ সালে ধর্ষণের পর এই কিশোরীকে হত্যা করে কয়েকজন পুলিশ। এ ঘটনয় তিন পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড হয়েছে।

মেয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার ইয়াসমিনের মা শরিফা খাতুন শহরের গোলাপবাগ বাসায় মিলাদ মাহফিল ও কোরআন খানির আয়োজন এবং শেখ জাহাঙ্গীর গোরস্তানে কবর জিয়ারত করেন।

এছাড়া প্রেসক্লাবের সামনের সড়কে মহিলা পরিষদ, পল্লীশ্রী, নারী মুক্তি কেন্দ্র, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন পৃথক মানববন্ধন করে।

মানববন্ধনে মহিলা পরিষদের সভানেত্রী কানিজ রহমান বলেন, সারাদেশে নারীর প্রতি সহিংসতা এবং নির্যাতনের হার বেড়েছে। ধরন বদলিয়ে নারীদের বিভিন্ন প্রক্রিয়ায় নির্যাতন হয়রানি করা হচ্ছে।

শুধু আইন করে নয়, নারী পুরুষের সম্মিলিত প্রয়াসে নারী নির্যাতন প্রতিরোধ সম্ভব বলে মন্তব্য করেন এ নারী নেত্রী।

মানববন্ধনে আরো বক্তব্য দেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা মারুফা বেগম ফেন্সি, সাবেক পৌর কমিশনার (কাউন্সিলর) মনোয়ারা সানু, নারীনেত্রী কহিনুর আকতার, রুবি ইসলাম, পল্লীশ্রীর নির্বাহী পরিচালক শামিম আরা বেগম, সাংস্কৃতিক সংগঠক শাহজাহান শাহ, উন্নয়নকর্মী সুরাইয়া আখতার, নারী মুক্তিকেন্দ্রের বাসন্তী মালাকার, রেহনুমা রাখি, বুলবুল আহমেদ, এসএম মনিরুজ্জামান প্রমুখ।

সকাল সাড়ে ১১টায় দশ মাইল মোড়ে ইয়াসমিন স্মৃতিস্তম্ভে অগাস্ট ট্রাজেডি পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

১৯৯৫ সালের ২৪ অগাস্ট দিনাজপুরের কাহারোল উপজেলার ১০ মাইল এলাকায় পুলিশের কয়েকজন সদস্য কিশোরী ইয়াসমিনকে ধর্ষণের পর হত্যা করে। ওই ঘটনায় তখন সারাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।