বগুড়ার তিন জঙ্গি: র্যাবের তিন মামলা
বগুড়ায় আটক তিন জঙ্গিকে সদর থানায় হস্তান্তর করার পর তিনটি মামলা করেছে র্যাব।
র্যাব-১২ উপ-সহকারী পরিচালক আব্দুল আলীম বাদী হয়ে শুক্রবার বগুড়া সদর থানায় মামলা তিনটি দায়ের করেন বলে পুলিশ জানিয়েছে।
বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউল হক (মিডিয়া সেল) সাংবাদিকদের জানান, সন্ত্রাসবিরোধী আইন, অবৈধ অস্ত্র মজুদ এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলার অভিযোগে মামলা তিনটি দায়ের করা হয়েছে।
অস্ত্র আইনের মামলার তদন্ত করবেন সাব ইন্সপেক্টর শফিকুল ইসলাম শফি, সন্ত্রাসবিরোধী আইনের এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলার মামলার তদন্তভার দেওয়া হয়েছে সদর থানার ওসি নূর আলমকে।
এছাড়া অজ্ঞাত পরিচয় আরো ১৪/১৫ জনকে আসামি করা হয় বলেও তিনি জানান।
বৃহস্পতিবার শহরের ঠনঠনিয়া এলাকা থেকে ভারি অস্ত্রসহ তিন জঙ্গিকে গ্রেপ্তার করে র্যাব। তারা ‘আত্মঘাতি’ দলের সদস্য বলে ধারণা করছে আইনশৃঙ্ঘলা বাহিনী। এ সময় বেশকিছু জেহাদি বই ও একটি ডায়েরিও উদ্ধার করা হয়।
সদর থানায় গিয়ে দেখা যায়, উদ্ধার করা বইগুলোর মধ্যে হিসনুল মুসলিম, যুগে যুগে শয়তানের হামলা, মুনাজাযাহ জ্ঞান কোষ, ইসলামী জ্ঞান কোষ রয়েছে। বইগুলো আল-আসীর প্রকাশনীর।
বইয়ের মধ্যে ‘আসিদের প্রতি আমাদের গুরুত্বপূর্ণ করণীয়’ শিরোনামে একটি লিফলেটও রয়েছে। লিফলেটের শেষভাগে লেখা রয়েছে- ‘প্রত্যেক মুসলিম নর-নারীর সামর্থ্য অনুযায়ী বন্দিমুক্তি ফান্ডে মুক্ত হস্তে দান করা উচিৎ।’
ঠনঠননিয়া এলাকার যে বাসা থেকে এই তিন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়, ২০০৪ সালে জেএমবির প্রধান শায়ক আব্দুল রহমানের জামাতা আব্দুল আওয়াল ও তার স্ত্রীকে এর কাছের একটি বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়েছিল।
ওই বাসায় গিয়ে বাড়ির মালিক দুলাল হোসেনকে পাওয়া যায়নি। তবে বাসায় রয়েছেন তার স্ত্রী নাদিরা বেগম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার স্বামী বাইরে গেছেন। মোবাইল ফোনেও তাকে পাওয়া যাচ্ছে না।
তিনি জানান, বাড়ি ভাড়া নেওয়ার সময় তারা একটি কোচিং সেন্টার করবে বলে জানিয়েছিল। প্রত্যেকেই সরকারি আযিযুল হক কলেজের ছাত্র বলে পরিচয় দেয়। চারটি রুম চার হাজার টাকায় ভাড়া দেওয়া হয়।
এ বাড়ির পাশের এক প্রতিবেশী রূপার মা (নিজের নাম বলেননি) জানান, গত সোমবার ওই বাড়ির কয়েকজন ভাড়াটিয়া এসে তাকে কাজের বুয়ার সন্ধান দিতে বলে। তিনি পাশের মেসের একজন কাজের বুয়াকে বলেন। ওই বুয়াই তার পরিচিত একজনকে ওই মেসে কাজ দেয়। ১৫ জনের রান্নার জন্য প্রতিমাসে দেড় হাজার টাকার চুক্তি হয়।
