৯৬-এর চেয়ে নির্দলীয় সরকারের প্রয়োজন বেশি: মঈন খান
অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে নির্দলীয় সরকারের প্রয়োজনীয়তা বেশি বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
শুক্রবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, “দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যকার পরস্পরবিরোধী অবস্থান এতো ব্যাপক যে, দেশের ১৬ কোটি মানুষ মনে করে, কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। আমরা মনে করি, ৯৬ সালের চেয়েও আজ নির্দলীয় সরকারের প্রয়োজন অনেক বেশি।”
জাতীয় প্রেস ক্লাবের হল রুমে জাতীয়তাবাদী সমবায় দলের উদ্যোগে ‘বর্তমান সংশোধিত সংবিধান গণতন্ত্রবিরোধী, দ্রুত সংশোধন করে নিরপেক্ষ নির্বাচন জরুরি’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
সরকার ক্ষমতা চিরস্থায়ী করতেই সংবিধানে পঞ্চদশ সংশোধনী এনেছে অভিযোগ করে মঈন খান বলেন, “সংবিধানে আছেন সংসদের আসন শূণ্য হলে সংসদ নির্বাচন হবে। কিন্তু পঞ্চদশ সংশোধনীতে বর্তমান সংসদ বহাল রেখেই আরেক সংসদ নির্বাচন করার বিধান সন্নিবেশিত করা হয়েছে।”
সংসদ বহাল রেখে নির্বাচনের বিধানে সংবিধানের পরস্পরবিরোধী অবস্থান বলে মন্তব্য করেন তিনি বলেন, ‘দেশের জনগণ ভোট দিয়ে একটি দলকে ক্ষমতায় দেয় একটি নির্দলীয় মেয়াদের জন্য। মেয়াদে শেষে সরকার বিদায় নিলে সেই ক্ষমতা জনগণের কাছে আবার চলে যায়। তারা নির্বাচনের মাধ্যমে কোন দলকে ক্ষমতা দেবে ঠিক করে।
“কিন্তু সরকার গণতন্ত্রকে বিশ্বাস করে না বলে এরকম কাজ করেছে।”
৯৬ সালে বিএনপি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে এয়োদশ সংশোধনী মাধ্যমে সংযোজন করেছিলো বলে উল্লেখ করেন মঈন খান।
তিনি বলেন, “নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা আনতেই আমরা সেদিন এই সংশোধনী জনগণের স্বার্থে এনেছিলাম। আজ ক্ষমতাকে কুক্ষিগত করতে সরকার আদালতের দোহাই দিয়ে ওই ব্যবস্থা বাতিল করেছে। এটা মানুষের কাছে গ্রহণযোগ্য নয়।”
সংগঠনের আহ্বায়ক নুর আফরোজ বেগম জ্যোতির সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে প্রকৌশলী এম এ শাহ আলম, মঞ্জুর হোসেন, শারেফুজ্জামান জাহাঙ্গীর, সাইফুল ইসলাম রাশেদ ও রজব আলী বক্তব্য রাখেন।
