নিখোঁজের তিন দিন পর লাশ উদ্ধার
নিখোঁজ হওয়ার তিন দিন পর সাভারে ডোবা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সাভার পৌর এলাকার জামসিং মহল্লার নবীন মার্কেটের পেছনে একটি পরিত্যক্ত ডোবায় কচুরিপানার নিচে সাইফুল হাসানের (২২) লাশ পাওয়া যায়।
সাইফুল মাদারীপুরের রাজৈরেউপজেলার শ্রীনদী শাকারপাড় এলাকার খলিলুর রহমান হাওলাদারের ছেলে। তিনি ইলেকট্রিকের কাজ করতেন। পরিবার নিয়ে জামসিং মহল্লার ফারুকের বাড়িতে ভাড়া থাকতেন।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ ফরিদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কচুরিপানার উপর একটি হাত দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
নিহতের মা শামীমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে সাইফুল বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। খোঁজাখুঁজি করে না পেয়ে বুধবার সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
তিনি বলেন, সাইফুল এলাকার ইমরান ও সবুজের সঙ্গে ঈদের আগে একটি গরু কিনে জবাই করে মাংস বিক্রি করেন। সাংস বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে ওই দুজন সাইফুলকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
সাভারের ভাকুর্তা এলাকায় শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।
মৃত সুজাত আলী (২৫) কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার চরবালদিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি ভাকুর্তা এলাকায় কৃষিকাজ করতেন।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাকুর্তা এলাকায় একটি ঘরে ওড়না দিয়ে ঝুরন্ত লাশটি উদ্ধার করা হয়েছে।
তবে এটি হত্যা না আত্মহত্যা তা এখনই বলা যাচ্ছে না, বরেন এসআই সজিবুর।
