মালয়শিয়ায় দুর্ঘটনায় হতাহতরা এক পরিবারের
মালয়শিয়ার পাহাড়ি এলাকায় বাস খাদে পড়ে হতাহত পাঁচ বাংলাদেশি এক পরিবারের সদস্য, যাদের মধ্যে চিকিৎসাধীন চারজনের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্ঘটনায় নিহত রফিক আলী ভূঁইয়া (৫০) পরিবারের প্রধান ছিলেন।
সাত বছর আগে কানাডা প্রবাসী হওয়ার আগে তিনি দীর্ঘদিন ঢাকার গোড়ান এলাকার ওয়ার্ড কমিশনার ছিলেন।
বুধবারের ওই দুর্ঘটনায় আহতরা হলেন- রফিকের স্ত্রী রাশিদা ভূঁইয়া (৪৬) , ছেলে রেজওয়ান আরেফিন ভূঁইয়া (২২) এবং রওনক আরেফিন ভূঁইয়া (১৩)।
আহত সৈয়দ আলী হায়দার (৪৫) রাশিদার আত্মীয়।
রাশিদার বাম পা ও মেরুদণ্ডের নিচের দিকের একটি হাড় ভেঙে গেছে। রেজওয়ান শরীরের নানা জায়গায় আঘাত পেয়েছেন, সঙ্গে তার বাম পায়ে গভীর ক্ষত হয়েছে। রওনক মাথার বাইরে মারাত্মক আঘাত পেয়েছে, তার বাম হাত ভেঙেছে এবং দুই বাহুর হাড়ে চিড় ধরেছে।
আহত সবাই সেলাইয়াং হাসপাতালে চিকিৎসাধীন। আর ভাঙা হাত নিয়ে কুয়ালালামপুর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আলী হায়দার।
বুধবার কুয়ালালামপুরের অদূরে জনপ্রিয় বিনোদনকেন্দ্র গেনটিং হাইল্যান্ডস থেকে ফেরার পথে ৫৩ জন যাত্রী নিয়ে রাস্তা থেকে ২০০ ফুট নিচে খাদে পড়ে যায় বাসটি।
এতে রফিকসহ অন্তত ৩৭ জন নিহত হন, আহত হন বাকিরা। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে বাস দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি এটাই সবচেয়ে বেশি।
মালয়শিয়ার দমকল বাহিনীর কর্মকর্তা ক্রিস্টোফার চোংয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, নিহতদের মধ্যে ২৪ জন পুরুষ ও ১৩ জন নারী।
মালয়শিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক, বাংলাদেশের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শওকত আলী দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন।
দেশটির সরকারি সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, বাস দুর্ঘটনার বিষয়ে তদন্ত করতে একটি টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন উপ-প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন।
দুর্ঘটনাকবলিত বাসটি মালয়শিয়ার সড়ক পরিবহন কর্তৃপক্ষের কালো তালিকাভুক্ত ছিল বলে মালয় মেইল অনলাইনের খবরে বলা হয়েছে।
বারনামার সংবাদে বলা হয়েছে, গেনটিং হাইল্যান্ডসে এর আগে সবচেয়ে বড় দুর্ঘটনা হয়েছিল ১৯৯৬ সালের জুলাইতে, তখন ছয় শিশুসহ ১৭ জন নিহত হয়।
পাহাংয়ের জনপ্রিয় বিনোদনকেন্দ্র গেনটিং হাইল্যান্ডসে স্থানীয়রা ছাড়াও সিঙ্গাপুর, ভারত, তাইওয়ান, জাপান, ও ইন্দোনেশিয়া থেকে বিদেশি পর্যটকরা বেড়াতে যান।
