২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লগার তন্ময় হত্যাচেষ্টা: ৩ শিবিরকর্মী গ্রেপ্তার

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও বুয়েট শাখার সাবেক সাধারণ সম্পাদক ব্লগার তম্ময় আহম্মেদ মুনকে হত্যাচেষ্টায় জড়িত থাকার অভিযোগে ৩ শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2013, 04:21 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

গ্রেপ্তারকৃতরা হলেন- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দুল্লী গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে আমিনুল ইসলাম (২৩), গাইবান্ধা সদর উপজেলার মিরপুর গ্রামের দছিজার রহমানের ছেলে মোস্তফা মঞ্জিল (২৪) ও গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর গ্রামের রুহুল আমিনের ছেলে রবিউল ইসলাম (২২)।

পলাশবাড়ী থানার ওসি রেজাউল করিম জানান, বুধবার রাতে আমিনুলকে ঢাকা ও মঞ্জিলকে গাইবান্ধার তুলসীঘাট বাজার থেকে এবং বৃহস্পতিবার সকালে রবিউলকে তার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজনই শিবিরকর্মী বলে জানান ওসি।

গত ১০ অগাস্ট রাত সাড়ে ১০টার দিকে পলাশবাড়ি উপজেলার জামালপুর গ্রাম থেকে উপজেলা শহরের যাওয়ার সময় তিনটি মোটরসাইকেলে করে ৯ মুখোশধারী তন্ময়ের উপর অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তন্ময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

তন্ময় পলাশবাড়ী উপজেলার জামালপুর গ্রামের মানিক মিয়ার ছেলে।

এ ঘটনায় ১৫ অগাস্ট তন্ময়ের মা ফারজানা বেগম বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি মামলা করেন।

তন্ময়ের অভিযোগ ব্লগে লেখালেখি ও শাহবাগের গণজাগরণ মঞ্চের সঙ্গে সম্পৃক্ত থাকায় শিবিরকর্মীরাই তার উপর হামলা চালিয়েছে।