বেতন বঞ্চিতদের ধর্মঘটে অচল রোকেয়া বিশ্ববিদ্যালয়
বকেয়া বেতন ও বোনাসের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের একাংশের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল হয়ে পড়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
অন্যদিকে, শিক্ষার পরিবেশ বহাল রেখে সমস্যা সমাধানে সুষ্ঠু পদক্ষেপ নেয়ার জন্য উপাচার্য়ের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষকদের আরেকাংশ।
বৃহস্পতিবার সকাল ৭টায় বিশ্ববিদ্যালয় খোলার আগেই ‘মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজের’ ব্যানারে আন্দোলনরত শিক্ষকরা উপচার্য ভবন, প্রশাসনিক ভবনসহ সব ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়।
সংগঠনের সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গাজী মাজহারুল আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালবে। তালা খোলা হবে না।”
এ কারণে শিক্ষা প্রতিষ্ঠানটিতে কোন ক্লাশ ও পরীক্ষা হয়নি। তালা বন্ধ থাকায় উপাচার্যসহ প্রশাসনিক কর্মকর্তারা কেউই ভবনে ঢুকতে পারেননি।
বৃহস্পতিবার বেলা ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব গেটে তালা দেয়া ছিল।
এদিকে বেতন না পেলেও নিয়মিত দায়িত্ব পালন করে আসছেন ‘মুক্তিযুদ্ধের চেতনায় সম্মিলিত শিক্ষক সমাজের’ শিক্ষকরা।
এ সংগঠনের সদস্য সচিব তুহিন ওয়াদুদ দুপুরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে পদক্ষেপ নেয়ার জন্য ভিসিকে স্মারকলিপি দিয়েছেন।
এর আগে বুধবার রাত ৭টায় আন্দোলনরত ‘মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজের’ একাংশের শিক্ষকরা জরুরি সভা করে অনির্দিষ্টকালের এ কর্মসূচি ঘোষণা করেন।
উপাচার্য ঈদের আগে বকেয়া বেতন ও বোনাসের আশ্বাস দিলেও তা কার্যকর হয়নি উল্লেখ করে এই দুই শিক্ষক নেতা আরো বলেন, অনির্দিষ্টকালের এ ধর্মঘটে যেতে তারা বাধ্য হয়েছেন।
উপাচার্যের কাছে স্মারকলিপি দেয়ার কথা জানিয়ে সদস্য সচিব তুহিন ওয়াদুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেতন ছাড়া চলতে পারছি না ঠিকই। তাই বলে শিক্ষার্থীদের জিম্মি করে বেতন আদায়ের ঘটনা দুখঃজনক।”
এদিকে, শিক্ষকদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত ২৮৫ জনের বাইরে সাবেক উপাচার্য ৩৩৩ জন শিক্ষক-কর্মচারিকে অস্থায়ীভাবে নিয়োগ দেন। অতিরিক্ত শিক্ষক-কর্মচারিদের বেতন দিতে গিয়েই টাকা ফুরিয়ে যায়।
“বেতন দেয়ার চেষ্টা চলছে। শিক্ষকদের একাংশ সময় না দিয়ে ধর্মঘট আহ্বান করে বিশ্ববিদ্যালয়ের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছেন।”
