নারায়ণগঞ্জে ভোজ্যতেল কারখানায় আগুন
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি ভেজিটেবল অয়েল মিলে আগ্নিকাণ্ডে কাঁচামালসহ বেশ কিছু যন্ত্রপাতি পুড়ে গেছে।
বৃহস্পতিবার সকাল পৌঁনে ৮টার দিকে ফতুল্লার দাপা এলাকায় কামাল ভেজিটেবল অয়েল মিল লিমিটেডের পঞ্চম তলার স্টোর রুমে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পঞ্চম তলায় আগুন লাগার পর মুহূর্তের মধ্যে পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে।
এতে স্টোর রুমে রাখা রাসায়নিক, ভোজ্য তেল উৎপাদনের কাঁচামাল পুড়ে যায় এবং কারখানার যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক কে এম সাইফুল ইসলাম বলেন, “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।”
আগুনে মিলের প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কারখানার জিএম ফজলুর রহমান।
