২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়শিয়ায় দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৭

মালয়শিয়ার পাহাড়ি এলাকায় একটি বাস খাদে পড়ে ৩৭ জন নিহতের ঘটনায় বাংলাদেশি নাগরিকও আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2013, 12:14 PM

Updated : 25 Apr 2022, 07:09 PM

বুধবার কুয়ালালামপুরের অদূরে জনপ্রিয় বিরোদনকেন্দ্র গেনটিং হাইল্যান্ডস থেকে ফেরার পথে ৫৩ জন যাত্রী নিয়ে রাস্তা থেকে ২০০ ফুট নিচে খাদে পড়ে যায় বাসটি।

মালয়শিয়ার দমকল বাহিনীর কর্মকর্তা ক্রিস্টোফার চোংয়ের বরাত দিয়ে স্থানীয় একটি বার্তা সংস্থা জানায়,  নিহতদের মধ্যে ২৪ জন পুরুষ ও ১৩ জন নারী।

এছাড়া আরো ১৬ জনকে হাসপাতালে ভর্তি করেন উদ্ধারকর্মীরা।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে স্টার ট্রিবিউন লিখেছে, “নিহতদের সবার জাতীয়তা জানা যায়নি। তবে যাদের আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে তাদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের নাগরিকও রয়েছেন।”

স্থানীয় গণমাধ্যমে এই বাস দুর্ঘটনাকে উল্লেখ করা হচ্ছে দেশটির ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্ঘটনা হিসাবে। দুর্ঘটনাকবলিত বাসটি মালয়শিয়ার সড়ক পরিবহন কর্তৃপক্ষের কালো তালিকাভুক্ত ছিল বলে মালয় মেইল অনলাইনের খবরে বলা হয়েছে।