২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির ৮ দিনের কর্মসূচি

দলের প্রতিষ্ঠাবার্ষিকী, খালেদা জিয়া ও তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আট দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2013, 11:30 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

বুধবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সভার পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে দুদিনের কর্মসূচি পালন করবে বিএনপি। ৩১ অগাস্ট ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ১ সেপ্টেম্বর সকালে জিয়াউর রহমানের কবরে ফুল দেয়া হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুটি অনুষ্ঠানেই অংশ নেবেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ১ সেপ্টেম্বর কেন্দ্রীয় ও সারাদেশের দলীয় কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেকের ষষ্ঠ কারামুক্তি দিবস উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে- ২ সেপ্টেম্বর সোহরাওয়ার্দি উদ্যান থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের শোভাযাত্রা, ৩ সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির আলোচনা সভা, ৪ সেপ্টেম্বর স্বেচ্ছাসেবক দলের নির্মিত তথ্যচিত্র প্রদর্শন, ৫ সেপ্টেম্বর যুবদলের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ও শোভাযাত্রা, ১০ সেপ্টেম্বর ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যান থেকে শোভাযাত্রা।

বিএনপি ১১ সেপ্টেম্বর খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করবে।

৯ সেপ্টেম্বর মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা করবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান রমনা গ্রিনে এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গঠন করেন। তিনিই দলের চেয়ারম্যান হন। জিয়াউর রহমানের মৃত্যুর কিছুদিন অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার দলের প্রধানের দায়িত্ব পালন করেন। দলের ভাইস চেয়ারম্যান খালেদা জিয়া ১৯৮৩ সালে চেয়ারপারসনের দায়িত্ব নেন।