রাবিতে ছাত্রলীগ-ছাত্রদল পাল্টাপাল্টি ধাওয়া
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।
বুধবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এই ঘটনা ঘটে।
ছাত্রদলের দাবি তাদের তিন কর্মী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মতিহার থানার ওসি আবদুস সোবহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরের দিকে ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজা আশিকসহ ৩০-৩৫ নেতাকর্মী ডিনস কমপ্লেক্সের পিছনে বসেছিলেন।
ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান রানা ও সাধারণ সম্পাদক তৌহিদ আল তুহিনসহ একদল নেতাকর্মী তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন।
এ সময় দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা এবং এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
ওসি আরো বলেন, এক পর্যায়ে ছাত্রদল নেতাকর্মীরা কেন্দ্রীয় গ্রন্থাগারে আশ্রয় নেয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজা আশিক বলেন, “হঠাৎ করে ছাত্রলীগ নেতাকর্মীরা এসে আমাদেরকে ক্যাম্পাস ত্যাগ করতে বলে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।”
এতে তাদের কর্মী হিমেল আহম্মেদ, মামুনুর রশিদ মামুন ও মোর্শেদুল ইসলাম মোর্শেদ আহত হন বলেও তিনি দাবি করেন।
এ ব্যাপারে ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল তুহিন বলেন, কয়েকদিন ধরে ছাত্রদল ও শিবির ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা করছে। এ জন্যই তারা ক্যাম্পাসে জড়ো হচ্ছিল।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে।
