২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু সেতুতে খানাখন্দ

ফাটল মেরামত করার কয়েকমাসের মধ্যেই বঙ্গবন্ধু সেতুর উপর খানাখন্দের সৃষ্টি হয়েছে।

ইসরাইল হোসেন বাবু

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2013, 04:22 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

স্থানীয়রা জানান, মেরামত কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রীসহ ই-পক্সি আঠা ও বিটুমিন ব্যবহার করায় এ অবস্থার সৃস্টি হয়েছে।

তবে, এ অভিযোগ সংশ্লিষ্টরা অস্বীকার করেছেন।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) জানায়, চীনের কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি ২০১২ সালের জুনে সেতুর ফাটল মেরামত শুরু করে। এ বছরের ডিসেম্বরে এ কাজ শেষ করার সময় নির্ধারিত থাকলেও এগিয়ে এনে এপ্রিলে কাজ শেষ করা হয়।

এরপর চার মাসের মাথায় সেতুর পূর্বপাড়ের দক্ষিণ লেনের ৪৭ থেকে ৪৮ নম্বর পিলারের মধ্যবর্তী অংশে প্রায় ১০০ মিটার এলাকায় আবরণ উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি এসব খানাখন্দ বা গর্তে প্রবেশ করায় সেতু আরো ক্ষতির ঝুঁকিতে রয়েছে।

যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের গত ২৭ এপ্রিল সেতুর দুইটি লেনে যান চলাচল উদ্বোধন করেন।

ওই সময় মন্ত্রী সাংবাদিকদের বলেন, ২৭০ কোটি টাকা ব্যয়ে আধুনিক নির্মাণ সামগ্রী ও সরঞ্জাম ব্যবহার করে সেতুর ফাটল মেরামত ও সংস্কার করা হয়েছে। পরবর্তীতে সেতুতে আর কোনো সংস্কারের প্রয়োজন হবে না।

সরজমিন সেতু এলাকায় গেলে উত্তরাঞ্চলগামী বাসের চালক সাইফুল ইসলাম, ট্রাক চালক শমসের আলীসহ অনেকে বলেন, সেতুর উপরিভাগে খানাখন্দ বা গর্তের কারণে ঝাঁকুনি সহ্য করে দূরপাল্লার যানবাহনগুলোকে স্বাভাবিকের চেয়েও ধীরগতিতে সেতু অতিক্রম করতে হচ্ছে।

কোটি কোটি টাকা খরচ সেতু মেরামত করে কোনো লাভ হয়নি বলে মনে করেন তারা। 

 বিষয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) সচিব আনোয়ারুল ইসলাম ও প্রধান প্রকৌশলী আনোয়ারুল কবীর জানান, খানাখন্দের বিষয়টি তাদের জানা নেই।

বিবিএর স্থানীয় সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক নিম্নমানের নির্মাণ সামগ্রীসহ ই-পক্সি আঠা ও বিটুমিন ব্যবহারের অভিযোগ অস্বীকার করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ই-পক্সি আঠা আবহাওয়া অনুযায়ী পার্থক্য সৃষ্টি করে। পরীক্ষার জন্য দেড় বছর ধরে এ অংশগুলো ট্রায়ালে রেখেছি। কী কারণে খানাখন্দের সৃষ্টি হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হবে।”

তবে, এ কারণে সেতুর কোনো সমস্যা হবে না বলে জানান তিনি।

সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত চায়নার ঠিকাদারী প্রতিষ্ঠান এমসিসি-ইউডিসি-এসইএল-জেভির প্রধান প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চায়নার ঠিকাদারী প্রতিষ্ঠান বিটুমিন দিয়ে সেতুর ভায়াডাক্ট বা ওপরে উঠার মই সাদৃশ্য অংশে মেরামত কাজ করার পরপরই যানবাহনের চাকার আঘাতে সেখানে খানাখন্দের সৃষ্টি হয়।

যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে ঈদের আগে ওই স্থানে মেরামত করা হয়নি। শিগগিরই খানাখন্দ মেরামতের উদ্যোগ নেয়া হবে।

১৯৯৮ সালের ২৩ জুন সেতুটি উদ্বোধন করা হয়। একশ বছরের গারান্টি দেয়া সেতুতে ২০০৬ সালে ফাটল দেখা দেয়। এরপর থেকেই কয়েকদফা সংস্কার ও মেরামত কাজ করা হয়।