ট্রেনে পাথর ছোড়া বন্ধে প্রচারণা
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে সচেতনতা তৈরিতে প্রচারণা শুরু করেছে রেলওয়ে।
মঙ্গলবার সকালে চট্টগ্রামের পাহাড়তলী থেকে পূর্ব রেলের একটি দল তিনটি ট্রলি নিয়ে চট্টগ্রাম-ঢাকা রেললাইন ধরে এ প্রচারণা শুরু করেন।
গত ১০ অগাস্ট রাতে তূর্ণা নিশীথা ট্রেনে ঢাকা যাওয়ার পথে ভাটিয়ারির ভাঙ্গারপুলে দুর্বৃত্তদের ছোড়া পাথরে আঘাতে নিহত হন প্রকৌশলের শিক্ষার্থী প্রীতি দাশ।
এ ঘটনার পর চট্টগ্রামসহ সারা দেশে প্রতিবাদ ও নিন্দার ঝড় ওঠার পর রেল কর্তৃপক্ষ এ উদ্যোগ নেয়।
প্রচারণায় ট্রেনে ঢিল বা পাথর ছুড়লে কী ক্ষতি হতে পারে এবং এর শাস্তি সম্পর্কে অবহিত করাসহ বিভিন্ন সচেতনতামূলক বিষয় জানানো হচ্ছে।
পূর্ব রেলের বিভাগীয় রেল ব্যবস্থাপক (ডিআরএম) সুকুমার ভৌমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাহাড়তলী থেকে যে দলটি প্রচারণা শুরু করেছে তারা ফেনী পর্যন্ত যাবে।
এ কর্মসূচিতে রেল লাইনের পাশের বসতি, স্টেশন, লেবেল ক্রসিংসহ বিভিন্ন এলাকার জনসাধারণের মাঝে পাথর ছোড়ার ক্ষতিকর দিক, পরিণতি ও শাস্তি সম্পর্কিত প্রচারপত্র বিতরণ এবং মাইকিং করা হচ্ছে।
পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরও এ বিষয়ে অবহিত করে পাথর ছোড়া বন্ধে তাদের সহযোগিতা চাওয়া হচ্ছে।
বুধবারও এ কর্মসূচি চলবে জানিয়ে তিনি বলেন, প্রথম পর্যায়ে আখাউড়া পর্যন্ত প্রচারণা চালানো হবে।
এর বাইরে ঢাকা অঞ্চলেও প্রচারণা চলছে।
