২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ক্রিকেটভেন্যুতে ‘বিএনপিনেত্রীর হামলা’

আইসিসি প্রতিনিধি দলের পরিদর্শনের আগমুহূর্তে কক্সবাজারে ক্রিকেটভেন্যুতে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপিনেত্রী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাছিমা আকতার বকুলের বিরুদ্ধে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2013, 02:31 PM

Updated : 25 Apr 2022, 07:08 PM

মঙ্গলবার বেলা ১২টার দিকে এ হামলায় ভেন্যুর নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকদের ঘর ভাংচুর করা হয়।

তবে, নাছিমা আকতার বকুল এ অভিযোগ অস্বীকার করেছেন।

কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন জানান, বিষয়টি শুনে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। কৃর্তপক্ষের লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

২০১৪ সালে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের একটি ভেন্যু হবে কক্সবাজারে। এর জন্য নির্ধারিত স্থান পরিদর্শনে মঙ্গলবার দুপুরে কক্সবাজার আসার কথা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধিদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাছিমা আকতার বকুলের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক লোক পর্যটন গল্ফ মাঠে ক্রিকেট স্টেডিয়ামের শ্রমিকদের ঘরসহ আশপাশে ভাংচুর চালায়। এ সময় ছবি তুলতে গেলে তারা সাংবাদিকদের বাধা দেয় এবং ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়।

এক পর্যায়ে নাছিমা আকতার লোকজন নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে ফোনে যোগাযোগ করা হলে সদর উপজেলার এই নারী ভাইস চেয়ারম্যান বলেন, পর্যটন গলফ মাঠের লেক তিনি ইজারা নিয়েছেন। সেখানে তার টয়লেটসহ একটি ঘর রয়েছে। স্টেডিয়াম নির্মাণের কারণে তাকে ক্ষতিপূরণ দেয়ার কথা ছিল।

তিনি জানান, মঙ্গলবার তার টয়লেটসহ ঘর সরিয়ে আনার জন্য সেখানে যান। ওই সময় স্টেডিয়ামের কাজে নিয়োজিত লোকজন তাদের শেড নিজেরাই ভেঙে এখন তার উপর দোষ চাপাচ্ছেন।

ক্রিকেট ভেন্যু তৈরির সমন্বয়কারী রিয়াদ চৌধুরী জানান, পর্যটন গলফ মাঠে ব্যক্তি মালিকাধীন কিছু থাকার বিষয়টি হাস্যকর। আইসিসি প্রতিনিধিদের পরিদর্শনের আগ মুহূর্তে এ ধরনের হামলা দুঃখজনক।

এ ব্যাপারে বিসিবির সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।