সাক্ষ্য দিয়ে ফেলানীর বাবা-মামা ফিরেছেন
ফেলানী হত্যার বিচার কার্যক্রমে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছে চার সদস্যের প্রতিনিধি দল।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বিএসএফের বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় কোচবিহার থেকে এ প্রতিনিধি দল বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে।
দুপুর ১টায় লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন। বিজিবি ফেলানীর বাবা ও মামাকে বাড়ি পৌঁছে দেয়।
সোমবার ভারতে বিএসএফের বিশেষ আদালতে কুড়িগ্রামের কিশোরী ফেলানী হত্যা মামলায় বাংলাদেশি সাক্ষী ফেলানীর বাবা ও মামার সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়।
প্রতিনিধি দলে ছিলেন ফেলানীর বাবা নুরুল ইসলাম, মামা আব্দুল হানিফ, কুড়িগ্রাম ৪৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জিয়াউল হক খালেদ এবং কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন।
আব্রাহাম লিংকন সাংবাদিকদের জানান, মঙ্গলবারও ফেলানীর বাবা ও মামার সাক্ষ্য গ্রহণের কথা ছিল। কিন্তু মঙ্গলবার সকালে এ বিশেষ আদালত থেকে জানানো হয় বাংলাদেশিদের সাক্ষ্য আর প্রয়োজন নেই।
তিনি বলেন, প্রত্যক্ষ সাক্ষী ফেলানীর বাবা ও মামা ভারতীয় আদালতে প্রকৃত ঘটনা তুলে ধরেন। কুড়িগ্রাম ৪৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল জিয়াউল হক খালেদ এবং তিনি নিজে (আব্রাহাম লিংকন) সাক্ষীদের সহায়তা করেন।
মঙ্গলবার সীমান্তবর্তী ভারতীয় দুই নাগরিকের সাক্ষ্য নেয়া হচ্ছে।
গত ১৩ অগাস্ট ভারতে ফেলানী হত্যা মামলার বিচার কাজ শুরু হয়েছে। এ মামলায় অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী দায়ীদের সর্বোচ্চ যাবজ্জীবন এবং সর্বনিম্ন সাত বছরের কারাদণ্ড হতে পারে।
আসাম ফ্রন্টিয়ারের ডিআইজি (কমিউনিকেশনস) সিপি ত্রিবেদীর নেতৃত্বে পাঁচ সদস্যের বিচারকের বিশেষ আদালতে কঠোর গোপনীয়তায় এ বিচার কাজ চলছে। বিচারের প্রথম দিন (১৩ অগাস্ট) মামলার নথিপত্র জমাসহ মূল আসামি বিএসএফ সদস্য অমিয় ঘোষের জবানবন্দি নেয়া হয়।
অমিয় ঘোষের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় (অনিচ্ছাকৃত খুন) এবং বিএসএফ আইনের ৪৬ ও ৪৭ ধারায় অভিযোগ গঠন করা হয়েছে।
২০১১ সালের ৭ জানুয়ারি বাংলাদেশি কিশোরী ফেলানী ভারত থেকে বাবার সঙ্গে কুড়িগ্রাম নিজ বাড়ি ফেরার পথে অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয়।
কাঁটাতারের বেড়ায় পাঁচঘণ্টা ঝুলে থাকার ছবি গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হয়। এ হত্যার বিচারের দাবি ওঠে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে।
