২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দায়িত্ব বুঝে নিলেন গাজীপুরের নতুন মেয়র মান্নান

নবগঠিত গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন মেয়র এমএ মান্নান দায়িত্ব নিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2013, 07:42 PM

Updated : 23 Aug 2022, 06:44 PM

রোববার দুপুরে নগর ভবনে কর্পোরেশনের বিদায়ী প্রশাসক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ কামালের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি।

এর আগে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুনশী শাহাবুদ্দীন আহমেদের সভাপতিত্বে শহরের বঙ্গতাজ মিলনায়তনে এবিষয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এত অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নতুন মেয়র এমএ মান্নান, অতিরিক্ত সচিব শাহ কামাল, বিএনপি নেতা হাসান উদ্দিন সরকার, গাজীপুরের জেলা প্রশাসক নূরুল ইসলাম, পুলিশ সুপার আব্দুল বাতেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহেনশাহ আলম।

বক্তব্যে সন্ত্রাসী, চাদাঁবাজ ও মাদক ব্যবসায়ীদেরকে এলাকা ছেড়ে চলে যেতে বলেন এমএ মান্নান।

Image
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জয়ী এম এ মান্নানকে সমর্থকদের ফুলের শুভেচ্ছা।(ফাইল ছবি)

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জয়ী এম এ মান্নানকে সমর্থকদের ফুলের শুভেচ্ছা।(ফাইল ছবি)

দায়িত্ব নেয়ার আগে তিনি সাংবাদিকদের জানান, ৮১ কোটি ২৫ লাখ টাকার দেনার দায় ঘাড়ে নিয়ে তিনি দায়িত্ব নিচ্ছেন। এর মধ্যে সাবেক টঙ্গী পৌরসভার দায় ৪৭ কোটি ৯৩ লাখ টাকারও বেশী।

সমস্যার গুরুত্ব বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে কাজে হাত দেবেন বলে জানিয়ে নতুন মেয়র বলেন, বিশেষ করে যানজট, জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, রাস্তা-ঘাটের সমস্যাগুলো সবার আগে দূর করার চেষ্টা করবেন তিনি।

সবার সহযোগিতায় একটি আধুনিক ও পরিকল্পিত মহানগর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

দায়িত্ব নেয়ার পর বিকেলে নগর ভবনের সম্মেলন কক্ষে নবনির্বাচিত কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেন মেয়র।

গত ৬ জুলাই অনুষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে লক্ষাধিক ভোটের ব্যবধানে আওয়ামী লীগ নেতা আজমত উল্লাহ খানকে পরাজিত করে প্রথম মেয়র নির্বাচিত হন বিএনপি নেতা এমএ মান্নান। ১১ অগাস্ট তিনি প্রধানমন্ত্রীর কাছে শপথ নেন।