২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গার্মেন্টে শ্রমিক ছাঁটাই, কাজ বন্ধ

ছাঁটাইয়ের প্রতিবাদে সাভারের একটি পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ শেষে কাজ বন্ধ করে চলে গেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2013, 01:48 PM

Updated : 23 Aug 2022, 06:44 PM

রোববার সকালে খাগান এলাকায় কাজল এপ্যারেলস ভিলেজ লিমিটেডে এ ঘটনার পর কাজ বন্ধ রয়েছে। তাবে কর্তৃপক্ষ কোনো ছুটি ঘোষণা করেনি বলে পুলিশ জানিয়েছে।

শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে শ্রমিকরা কারখানায় এসে প্রধান ফটকে অনিয়ম ও উচ্ছৃঙ্খলতার অভিযোগে ৬৪ জন শ্রমিক ছাঁটাইয়ের নোটিশ দেখে বিক্ষোভ শুরু করে।

বেলা ১১টার দিকে সব শ্রমিক বিক্ষোভ করতে করতে কারখানা থেকে বেরিয়ে চলে যায়। এ কারখানায় তিন হাজার শ্রমিক কাজ করে।

শ্রমিকদের বরাত দিয়ে তিনি আরো বলেন, গত ৭ অগাস্ট বেতন-ভাতা দেয়ার সময় কিছু শ্রমিক বিক্ষোভ করায় কর্তৃপক্ষ ৬৪ জনকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, ঈদের আগে বেতন-ভাতা বৃদ্ধিসহ কয়েকটি দাবি কারখানা কর্তৃপক্ষের কছে জানানো হয়েছিল। একারণেই ৬৪ জন শ্রমিককে নিয়ম বহির্ভুতভাবে ছাঁটাই করা হয়।