২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁ সীমান্তে বাংলাদেশি আটকের কথা অস্বীকার

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার কথা অস্বীকার করেছে বিএসএফের একটি ক্যাম্পের কর্মকর্তারা।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2013, 07:15 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

তবে, ওই যুবকের খোঁজে বিএসএফের আরেকটি ক্যাম্পে চিঠি পাঠানো হচ্ছে বলে বিজিবি জানিয়েছে।

বিজিবি জানায়, শুক্রবার সীমান্ত এলাকার একটি হাট থেকে থেকে গরু কিনে ভারতের হরিশচন্দ্রপুর ও আগ্রাবাদ বিএসএফ ক্যাম্প এলাকার ২২৮/২২৯ নম্বর পিলারের পাশ দিয়ে বাড়ি যাওয়ার পথে বিএসএফ নাজমুল হককে (২৫) ধরে নিয়ে যায়।

নাজমুল পোরশা উপজেলার অনন্তপুর গ্রামের আলীউল হকের ছেলে।

বিজিবি নিতপুর ক্যাম্পের সুবেদার আব্দুল গনি জানান, শনিবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নিতপুর সীমান্তের ২৩০/১০ এস পিলারের পাশে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়।

বৈঠকে বিএসএফ কর্মকর্তারা নাজমুল হককে আটকের কথা অস্বীকার করেছেন।

পতাকা বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ হরিশচন্দ্রপুর কোম্পানি ক্যাম্প কমান্ডার সিধু কার্ডি এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি নিতপুর ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল গনি।

আব্দুল গনি আরো জানান, নাজমুল হকের অনুসন্ধান এবং তাকে ফিরিয়ে আনার জন্য রোববার পতাকা বৈঠকের আহবান জানিয়ে বিএসএফ ৩১ ব্যাটালিয়নের কাদেরীপাড়া ক্যাম্পে চিঠি পাঠানো হচ্ছে।