২৯ অগাস্ট সিলেটে হরতাল
বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে সিলেট জেলা ও মহানগরে ২৯ অগাস্ট হরতাল ডেকেছে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ।
ইলিয়াস আলী অন্তর্ধাণের দেড় বছর পর তার ভারতের কারাগারে আটক থাকার একটি খবর প্রকাশের পর শনিবার সিলেট নগরীতে এক সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়।
সিলেট জেলা বিএনপির সভাপতি ইলিয়াস আলীর সন্ধান দাবিতে দুপুরে ধোপা দিঘী থেকে একটি মিছিল বের করে সংগ্রাম পরিষদ। এরপর চৌহাট্টা এলাকায় সমাবেশ হয়।
সমাবেশে বক্তব্য দেন সংগ্রাম পরিষদের আহ্বায়ক শেখ মোহন মিয়া, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফ্ফার, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শামসুজ্জামান জামান, ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদ আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল প্রমুখ।
গত বছরের ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানী থেকে নিখোঁজ হন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনছার আলী।
এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। ইলিয়াসের ভাই সম্প্রতি লন্ডনে একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে দাবি করেন, বিএনপি নেতাকে ভারতের এক কারাগারে আটকে রাখা হয়েছে।
ওই বক্তব্যের পর তা নিয়ে গণমাধ্যমে ব্যাপক আলোচনা হয়।
