নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটিতে উঠল বঙ্গবন্ধুর ছবি
৪১ বছর পর নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটি ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি স্থান পেল।
১৫ অগাস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে শোক দিবসের অনুষ্ঠানে এই ছবি ওঠানো হয়।
শোক দিবস উপলক্ষে জ্যাকসন হাইটসে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে নিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে সমাবেশ করেছে আওয়ামী লীগ।
বঙ্গবন্ধুর স্মৃতিময় সংগ্রামী জীবনের আলোকে নতুন প্রজন্মের অংশগ্রহণে ‘বাংলাদেশের অভ্যুদয় ও বঙ্গবন্ধু’ শীর্ষক রচনা প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
নিউ ইয়র্কে বাংলাদেশ মিশনের নিজস্ব মিলনায়তনের নামকরণ করা হয় ‘বঙ্গবন্ধু মিলনায়তন’। নামফলক উন্মোচন করেন জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন। এ সময় উপস্থিত মুক্তিযোদ্ধারা স্যালুটের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের নায়ককে সম্মান জানান।
সেখানে আলোচনা সভায় বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একযোগে কাজের আহ্বান জানান বক্তারা।
১৫ অগাস্ট শোক দিবসে অন্যবারের মতো কর্মসূচিগুলো পালিত হলেও ‘বাংলাদেশ সোসাইটি’র ভবনে বঙ্গবন্ধুর ছবি তোলা এবার তাতে ভিন্ন মাত্রা আনে।
সোসাইটির সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে শোকসভার প্রারম্ভে এই ভবনের দেয়ালে বঙ্গবন্ধুর ছবি লাগানো হয়। অনুষ্ঠান পরিলনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার এবং স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির যুগ্ম সম্পাদক সিরাজউদ্দিন সোহাগ। আওয়ামী লীগ নেতা মুজিবউর রহমান, মহিউদ্দিন দেওয়ান, জাকারিয়া চৌধুরী, শাহীন আজমলও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
শোক দিবসে জ্যাকসন হাইটসবাসীর পক্ষ থেকে কয়েকশ’ খাবার প্যাকেট খাবার বিতরণ করা হয়। বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রীটে খাবার বাড়ি প্রাঙ্গণে তাঁবু গেড়ে খাবার বিতরণের দৃশ্য বহুজাতিক এ নগরীর অনেকের দৃষ্টি কাড়ে।
জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হয় দোয়া-মাহফিল। বিশেষ মোনাজাত হয় যুক্তরাষ্ট্র ওলামা লীগের প্রধান মাওলানা সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে।
বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের স্মৃতিচারণ করেন আওয়ামী লীগ নেতা আকতার হোসেন, সৈয়দ বসারত আলী, মাহবুবুর রহমান, আইরিন পারভিন, মহিউদ্দিন দেওয়ান, আবুল হাসিব মামুন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক নূরনবী কমান্ডার, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জাকারিয়া চৌধুরী এবং সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, নিউ ইয়র্ক অঙ্গরাজ্য আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক শাহীন আজমল প্রমুখ।
নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা খোরশেদ খন্দকার, যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদ, সাধারণ সম্পাদক ফরিদ আলমও অনুষ্ঠানে ছিলেন।
জাতিসংঘে বাংলাদেশ মিশনের আলোচনা সভায় এ কে এ মোমেন ছাড়াও বক্তব্য রাখেন ড. মোহাম্মদ ফরাশ উদ্দিন, আব্দুল মুকিত চৌধুরী, সৈয়দ মোহাম্মদ উল্লাহ, আনিসুজ্জামান খোকন প্রমুখ।
অনুষ্ঠানে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি মো. মুস্তাফিজুর রহমান, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন মিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন মিশনের কাউন্সেলর সাদিয়া ফয়জুননেসা।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন রথীন্দ্রনাথ রায় ও অনুপ দাস। রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করেন সেলিনা মোমেন।
