২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

রাজধানীর হাজারীবাগের একটি বাসা থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2013, 09:36 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

নিহত সেতু সরকার (২৪) একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে।

ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আবু ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বিকাল ৫টার দিকে রায়েরবাজারের তল্লারবাগের একটি ফ্ল্যাট থেকে সেতুর লাশ উদ্ধার করে পুলিশ। তাকে জবাই করে হত্যা করা হয়েছে।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ওই ফ্ল্যাট থেকে মেসবাউল আলম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

সহকারী পুলিশ কমিশনার বলেন, সেতু, পুনম কুন্ডুসহ কয়েক যুবক ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। সেতুর আমন্ত্রণে মেসবাউল ওই ফ্ল্যাটে আসে।

“বিকালে তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে গণ্ডগোল হওয়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

নিহতের বিস্তারিত পরিচয় এবং তিনি কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি পুলিশ।

এদিকে বিকালে ডেমরার রানীমহল সিনেমা হলের সামনের রাস্তায় সড়ক দুর্ঘটনায়  মো. রুহুল (২৮) নামে এক পোশাক শ্রমিক নিহত হযেছেন।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, বিকাল ৫টার দিকে একটি ইজিবাইক করে যাচ্ছিলেন রুহুল। সিনেমা হলের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলের ধাক্কায় ইজিবাইকটি উল্টে যায়।

ইজিবাইকের নিচে পড়ে মারাত্মক আহত হন রুহুল। পৌঁনে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রুহুল কাঁচপুরের সিনহা পোশাক কারখানায় কাজ করতেন বলে জানান পুলিশ কর্মকর্তা।