শেরপুর সীমান্তের ওপারে ২ বাংলাদেশি আটক
সীমান্ত বেরিয়ে দুজন গণপিটুনিতে মারা যাওয়ার তিন দিনের মধ্যে ভারতে ঢুকে বিএসএফের হাতে আটক হয়েছেন শেরপুরের দুই যুবক।
বৃহস্পতিবার বিকালে শ্রীবরদী উপজেলার হাড়িয়াকোণা সীমান্ত দিয়ে ভারতের হাতিমারা এলাকায় ঢুকে এই দুই যুবক আটক হন বলে বিজিবি জানিয়েছে।
এরা হলেন- হাড়িয়াকোণা গ্রামের ফিরোজ সাংমার ছেলে অন্তর সাংমা (২০) এবং শচিন্দ্র মারাকের ছেলে নিরাজ মারাক (১৮)।
গত সোমবার ঝিনাইগাতী সীমান্ত দিয়ে ভারতে ঢোকার পর গণপিটুনিতে মারা যান দুই যুবক। বুধবার রাতে তাদের লাশ ফেরত আসে।
বিজিবির জামালপুর ৩৫ ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর জাবের সাংবাদিকদের বলেন, অন্তর সাংমা এক মাস আগে মেঘালয়ের হাতিমারা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সে ফিরে না আসায় নিরাজ মারাক তাকে আনতে মঙ্গলবার সীমান্ত অতিক্রম করে।
বিকালে ওই দুই যুবক ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় সীমান্তের ১০৯৪ নম্বর পিলার সংলগ্ন কাঁটাতারের বেড়ার কাছে বিএসএফের কাছে ধরা পড়েন।
বিজিবি কর্মকর্তা বলেন, “বৈধ কাগজপত্র না থাকায় বিএসএফ দুজনকে হাতিমারা ক্যাম্পে আটকে রেখেছে।”
শুক্রবার পতাকা বৈঠক করে ওই দুই যুবককে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলে তিনি জানিয়েছেন।
