বাগমারায় আ. লীগ-বিএনপির সংঘর্ষে আহত ৫০
বিলে মাছ ধরাকে কেন্দ্র করে রাজশাহীর বাগমারায় আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার খয়রার বিলে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১৮ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও ৮ জনকে বাগমারা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাগমারার শ্রীপুর ইউনিয়ন ও তাহেরপুর পৌরসভা এলাকার মধ্যে খয়রার বিল অবস্থিত। মাসখানেক আগে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিলের স্লুইজ গেট বন্ধ করে দিয়ে মাছ ছাড়ে।
সকালে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ওই বিলে মাছ মারতে গেলে আওয়ামী লীগের লোকজন তাদের বাধা দেয়। এতে সংঘর্ষ শুরু হয়।
প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে উভয়পক্ষের অন্তত অর্ধশত ব্যক্তি আহত হন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন মৃধা বলেন, বিলের চারপাশের আওয়ামী লীগের ৮০ জন নেতাকর্মী যৌথভাবে ওই বিলে প্রায় ৪০ লাখ টাকার মাছ ছাড়ে।
এর আগে তারা বিলের প্রায় ৭৫-৮০ ভাগ জমি মালিকের কাছ থেকে তিন মাসের চুক্তিতে লিজ নেয়। বিএনপিপন্থী কিছু মালিক জমি লিজ না দিয়ে জোর করে মাছ মারতে গেলে এ সংঘর্ষ বাঁধে বলে অভিযোগ করেন মকবুল হোসেন।
অপরদিকে তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আবু নাঈম সামশুর রহমান মিন্টু বলেন, বিলের চারপাশের কয়েকশ’ মৎস্যজীবী ওই বিলে মাছ মেরে জীবীকা নির্বাহ করে। কিন্তু স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিলের স্লুইজ গেট বন্ধ করে দিয়ে সেখানে মাছ চাষ করছে।
“স্থানীয় মৎস্যজীবীরা সেখানে মাছ মারতে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। পরে বিএনপির লোকজন এগিয়ে গেলে সংঘর্ষ বাঁধে।”
বাগমারা থানার ওসি আব্দুল হামিদ বলেন, বিলে মাছ ধরাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
