২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেক কেটেই মারামারিতে চট্টগ্রাম বিএনপি

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম বিএনপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শীর্ষ দুই নেতার উপস্থিতিতেই হাতাহাতিতে জড়িয়েছেন নেতাকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2013, 01:46 PM

Updated : 13 Oct 2022, 02:55 PM

উত্তপ্ত পরিস্থিতির এক পর্যায়ে দলীয় কার্যালয় ছেড়ে যান নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। কার্যালয়ের সামনের সড়কে হাতবোমা ফাটানো হয়।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান,  অনুষ্ঠানে খসরু বক্তব্য দেয়ার সময় কিছু কর্মী স্লোগান দিলে তিনি  তাদের বারণ করেন। এ নিয়ে সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের সমর্থকদের সঙ্গে খসরুর অনুসারীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দলীয় কার্যালয়ে হাতাহাতির সময় একটি পক্ষ রাস্তায় একটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

রাস্তার ওপর থেকে অবিস্ফোরিত আরেকটি হাতবোমা উদ্ধার করে পুলিশ।

এ সময় একটি পক্ষ ডা. শাহাদাতের ব্যক্তিগত গাড়িতে আগুন দেয়ারও চেষ্টা চালায় বলে জানান পুলিশ কর্মকর্তা নেজাম।

হাতাহাতির মধ্যেই সাড়ে ১১ টার দিকে দলীয় কার্যালয় ছেড়ে যান আমীর খসরু মাহমুদ। এরপর বেলা পৌনে ১২টার দিকে নেতাকর্মীদের নিয়ে কার্যালয় থেকে বের হন ডা. শাহাদাত।

ঘটনার পর শাহাদাত সাংবাদিকদের বলেন, “কেক কাটার পর দেখলাম, আমার গাড়ির চাকায় হঠাৎ আগুন জ্বলছে। আওয়ামী লীগের কিছু এজেন্ট আমাদের দলে থাকতে পারে। আগে যারা দলীয় কার্যালয়ে আগুন দিয়েছিল, তারাই এ ঘটনা ঘটিয়েছে।”

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

দলের মধ্যে বিভেদ রয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে ডা. শাহাদাত বলেন, “দলে কোনো বিভেদ বা ভুল বোঝাবুঝি নেই। তবে আমাদের মধ্যে ‘কমপিটিশন’ রয়েছে।”

গত মাসে চট্টগ্রাম নগর ছাত্রদলের কমিটি ঘোষণার পর আমীর খসরু ও ডা. শাহাদাতের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। এর জের ধরে পদবঞ্চিত ছাত্রদলকর্মীরা গত ২৪ জুলাই নগর বিএনপি কার্যালয়ে আগুন দেয়।

এরপর দুইপক্ষের অনুসারীদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষও হয়।