২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রহরীদের বেঁধে পোশাক কারখানায় ডাকাতি

প্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে সাভারে একটি তৈরি পোশাক কারখানার বিপুল পরিমাণ কাপড় লুটে নিয়েছে ডাকাতরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2013, 12:28 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

বুধবার গভীর রাতে সাভারের নয়ারহাট এলাকার ‘ইস্ট ওয়েস্ট স্যুটিং লিমিটেড’ এর কারখানায় এ ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশের ধারণা, কারখানার লোকজনই এ ঘটনায় জড়িত। জিজ্ঞাসাবাদের জন্য কারখানার ১০ জন নৈশ প্রহরীকে আটক করেছে পুলিশ।

কারখানার পরিচালক আওলাদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত আনুমানিক ২টার দিকে ৩০/৩৫ জন ডাকাত কারখানায় ঢুকে অস্ত্রের মুখে দায়িত্বে থাকা দশ নৈশ প্রহরীকে জিম্মি করে।

পরে তাদের হাত-পা-মুখ বেঁধে কারখানা থেকে দুটি পিকআপ ভ্যানে করে স্যুট তৈরির ৩৫ হাজার গজ কাপড় নিয়ে চলে যায় ডাকাতরা। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে যায়।

আওলাদ খানের দাবি, ডাকাতি হওয়া কাপড়ের দাম প্রায় এক কোটি টাকা। পোশাক তৈরির জন্য ওই কাপড় কারখানায় এনে রাখা হয়েছিল।

ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারখানার লোকজনই এই ঘটনায় জড়িত বলে মনে হচ্ছে। প্রহরীদের জিজ্ঞাসাবাদ করছি আমরা।”

কারখানার গুদামে কী পরিমাণ কাপড় ছিল তাও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে।