বঙ্গবন্ধুকে নিয়ে জার্মান ভাষার প্রথম বই
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কাজ নিয়ে জার্মান ভাষায় প্রথম একটি বই প্রকাশিত হয়েছে।
বুধবার বিকালে বাংলা একাডেমীতে ‘ইম গেডেনকান আন বঙ্গবন্ধু’ শিরোনামের বইটির বাংলাদেশের প্রকাশনা অনুষ্ঠান হয়। জার্মানির রাজধানী বার্লিনে বাংলাদেশ দূতাবাস গত ফেব্রুয়ারিতে বইটি প্রকাশ করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, লেখক আব্দুল গাফফার চৌধুরী, ড. কামাল হোসেনসহ কয়েকজনের লেখা বইটিতে রয়েছে। বইয়ের সম্পাদনা করেছেন জার্মানিতে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মসউদ মান্নান।
প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, “বঙ্গবন্ধুর বৈচিত্র্যময় জীবন নিয়ে যত বেশি ভাষায় বই প্রকাশ হবে, মহান এই নেতার চরিত্র নিয়ে পৃথিবীর মানুষের আগ্রহ তত বাড়বে।”
তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন স্বাধীনতার প্রতীক। তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। বঙ্গবন্ধু বাংলার অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি চেয়েছিলেন।
বিশ্বের বিভিন্ন ভাষায় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর জীবন নিয়ে বই প্রকাশের উদ্যোগ নিতে বাংলা একাডেমীকে পরামর্শ দেন স্পিকার, যার বাবা বঙ্গবন্ধুর সংস্পর্শে ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ইতালীয় ভাষায় অনুবাদ করার জন্য আলোচনা চলছে। একজন ব্যক্তি এ বিষয়ে আগ্রহী।
প্রকাশনা অনুষ্ঠানের সভাপতি জাতীয় অধ্যাপক সালাহউদ্দীন আহমদ বলেন, বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতা কল্পনা করা যায় না। তিনি সকল সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে নিয়ে বাংলাদেশ রাষ্ট্র গঠনের উদ্যোগ নিয়েছিলেন। তিনি বেঁচে থাকলে দেশে এত সম্প্রদায়গত সংঘাত থাকতো না।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ সম্পাদনার সঙ্গে সালাহউদ্দীন আহমদ যুক্ত ছিলেন।
সাবেক রাষ্ট্রদূত মসউদ মান্নান বলেন, গত ফেব্রুয়ারিতে বইটি জার্মানিতে প্রকাশ করা হয়। বাংলাদেশে এই প্রথম বইটির প্রকাশনা অনুষ্ঠান হল।
“এ বইটি প্রকাশের মাধ্যমে পূর্ব ইউরোপে বঙ্গবন্ধুর সংগ্রাম ও জীবন মানষের মধ্যে আগ্রহ তৈরী করবে।”
