২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সরকার ৯ হাজার ভূমিহীনকে পুনর্বাসন করেছে’

বর্তমান সরকার সারা দেশে ১৯৮টি গুচ্ছগ্রাম তৈরির মাধ্যমে ৮ হাজার ৯৫০টি ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করেছে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রী রেজাউল করিম হীরা।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2013, 06:35 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

তিনি বলেন, “এসব গুচ্ছগ্রাম তৈরিতে প্রায় ১১৭ কোটি টাকা ব্যয় হয়েছে। চলতি অর্থ বছরে ৪৩ কোটি টাকা ব্যয়ে আরো ৬৪টি গুচ্ছগ্রাম তৈরির মাধ্যমে এক হাজার ৭০০ পরিবারকে পুনর্বাসন করা হবে।”

বুধবার দুপুরে মন্ত্রী জামালপুর সদরের তুলশীর চর ইউনিয়নে নবনির্মিত রেহাই গজারিয়া গুচ্ছগ্রামের উদ্বোধন ও ভূমিহীনদের মধ্যে দলিল হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন।

এ সময় রেজাউল করিম হীরা দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় নৌকা প্রতীকে ভোট দিতে জনগনের প্রতি আহবান জানান।

৬৩ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত রেহাই গজারিয়া গুচ্ছ গ্রামে ৪০টি ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হচ্ছে।

দলিল বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কবির আল আসাদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বিজন কুমার চন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, তুলশীর চর ইউপির চেয়ারম্যান আব্দুল মমিন।