২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদিলকে গ্রেপ্তারে জাতিসংঘের উদ্বেগ

মানবাধিকার সংগঠন অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান খান শুভ্রকে গ্রেপ্তারে উদ্বেগ জানিয়ে তার মুক্তি প্রত্যাশা করেছে জাতিসংঘ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2013, 06:24 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

বিশ্ব সংস্থার মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) মুখপাত্র লিজ থ্রসেল জেনেভায় সাংবাদিকদের বলেন, “আদিলুর রহমানের শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার বিষয়টি নিশ্চিত করতে আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”

বিএনপি আমলের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদিল সরকারবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিল বলে তথ্যমন্ত্রী দাবি করলেও জাতিসংঘ কর্মকর্তা মনে করছে, মানবাধিকার সংগঠক হিসেবে তৎপরতাই তাকে গ্রেপ্তারের কারণ।

হেফাজতবিরোধী মতিঝিল অভিযান নিয়ে বিকৃত তথ্য প্রচার এবং রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে ডানঘেঁষা মানবাধিকার সংগঠন অধিকারের সেক্রেটারি আদিলকে গত ১০ অগাস্ট রাতে গ্রেপ্তার করে পুলিশ।

Image
আদিলুর রহমান খান শুভ্র, ফাইল ছবি

আদিলুর রহমান খান শুভ্র, ফাইল ছবি

মতিঝিল অভিযানে ৬১ জন নিহত হয়েছে উল্রেখ করে অধিকার সরকারের দাবির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন বলেও উল্লেখ করেন লিজ থ্রসেল।

তিনি বলেন, আদিলের জামিন আবেদন বাতিল করে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আদেশ হয়েছে এবং আদালতে তার পক্ষে আইনজীবী রাখতে দেয়া হয়নি।

আদিলকে রিমান্ডের আদেশ নিম্ন আদালত দিলেও হাই কোর্ট সেই আদেশ স্থগিত করে দেয়ায় তাকে জিজ্ঞাসাবাদ অসমাপ্ত রেখেই কারাগারে পাঠিয়েছে পুলিশ।

জাতিসংঘের আগে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনও আদিলের মুক্তি দাবি করেছে।

পুরনো খবর:

আদিল রিমান্ডে, কার্যালয়ে তল্লাশি