২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে দুই মহল্লাবাসীর সংঘর্ষে নিহত ১

সিরাজগঞ্জ শহরে দুই মহল্লাবাসীর সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2013, 11:51 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

মঙ্গলবার সন্ধ্যার পর রানীগ্রাম ও একডালা পুনর্বাসন এলাকায় এই সংঘর্ষ বাঁধে বলে পুলিশ জানিয়েছে।

নিহত হাবিব (২২) একজন দরজি শ্রমিক। তিনি কোবদাসপাড়া মহল্লার আবুল কালামের ছেলে।

হাবিবের ভাই মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই মহল্লার মানুষ কোবদাসপাড়ার মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়েছিল।

“আমার ভাই মারামারি করতে নিষেধ করলে রানীগ্রাম মহল্লার লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করায় তার মৃত্যু হয়।”

সদর থানার উপ-পরিদর্শক এস এম আবু সাদাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধারালো অস্ত্র দিয়ে হাবিবের মাথায় তিনটি আঘাত করা হয়।

স্থানীয়রা জানায়, ঈদের পরদিন বিয়ে সংক্রান্ত একটি বিষয় নিয়ে রানীগ্রাম ও একডালা মহল্লার লোকজনের মধ্যে মারপিট হয়।

বিষয়টি মীমাংসার জন্য মঙ্গলবার বিকালে রানীগ্রাম রেলগেইট এলাকায় সালিশ বসে। কিন্তু সেখানে বাগবিতণ্ডা শুরু হলে সালিশ পণ্ড হয়ে যায়। এরপরই সংঘর্ষ শুরু হয় বলে জানান স্থানীয়রা।

সংঘর্ষে আহতদের মধ্যে শামীম নামে একজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই সাদাত বলেন, হাবিব নিহতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।