তাড়াশে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের মামলা
ভিজিএফের চাল কালো বাজারে বিক্রির অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) গোলাম রহমান বাদী হয়ে মঙ্গলবার বিকেলে তাড়াশ থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার আবু সাঈদের বিরুদ্ধে ২০ বস্তা ভিজিএফের চাল বিক্রির অভিযোগ আনা হয়েছে।
তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান জানান, মামলাটি দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করবে। মামলায় চেয়ারম্যান ছাড়া কাউকে আসামি করা হয়নি।
৮ অগাস্ট সকালে তাড়াশ সদর ইউনিয়ন পরিষদ থেকে ২টি রিকশাভ্যানে করে ৫০ বস্তা চাল নিয়ে যাবার সময় তা আটক করেন উপজেলা ভূমি কর্মকর্তা তোফায়েল আহম্মেদ।
