পুলিশ হত্যা মামলায় ৪ জামায়াতকর্মী গ্রেপ্তার
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় পুলিশ হত্যা, উপজেলা পরিষদে হামলা ও অগ্নিসংযোগের মামলায় চার জামায়াতকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হরিণাকুন্ডু থানার ওসি হারুন অর রশিদ জানান, সোমবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের ধরা হয়।
এরা হলেন রঘুনাথপুর গ্রামের তক্কেল বিশ্বাসের ছেলে ঝন্টু বিশ্বাস, ভবিতপর গ্রামের কায়েম আলির ছেলে ওসমান আলি ও সিদ্দিক হোসেন এবং হাসপাতাল রোডের সিদ্দিকুর রহমানের ছেলে মোকতার হোসেন।
ওসি হারুন অর রশিদ আরো জানান, অভিযান চলাকালে ওসমান, সিদ্দিক ও মোকতার ডাকাত এসেছে বলে চিৎকার দিয়ে পুলিশের উপর হামলার চেষ্টা করেন।
এ অভিযোগে তাদের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে বলেও জানান ওসি।
গত ৩ মার্চ প্রায় ছয় হাজার মানুষ হরিণাকুন্ডু উপজেলায় তাণ্ডব চালায়। ওই সময় সেখানে দায়িত্বরত পুলিশ কনস্টেবল ওমর ফারুখকে হত্যা করে তার অস্ত্র ছিনিয়ে নিয়ে যায় তারা।
