হরতালের আগে রাজধানীতে জামায়াতের মিছিল
নিবন্ধন বাতিলের প্রতিবাদে জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের আগে দিন রাজধানীর ফকিরাপুল, মাগবাজার, লালবাগে ও যাত্রাবাড়ীতে হরতালের সমর্থনের মিছিল করেছে জামায়াত ইসলামী ও ছাত্রশিবির।
সোমবার দুপুরে ফকিরাপুল কাঁচাবাজার এলাকা থেকে কয়েকজন জামায়াত-শিবির কর্মী মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় মহিউদ্দিন নামে এক শিবিরকর্মীকে আটক করা হয় বলে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর শাকুর জানান।
এদিকে সকাল ১১টার দিকে মগবাজার এলাকায় এবং লালবাগের বটতলায় জামায়াত-শিবিরকর্মীরা মিছিল করলে পুলিশ তাদেরও ছত্রভঙ্গ করে দেয়।
লালবাগ থানার ওসি নুরুল মুত্তাকিন বলেন, “মিছিলকারীদের ধাওয়া দিলে তারা গলিতে চলে যায়।”
ডেমরা জোনের পুলিশের সহকারী কমিশনার মিনহাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে যাত্রাবাড়ীর দয়াগঞ্জ এলাকায় গাড়িতে আগুন দেয়ার চেষ্টার সময় এক শিবিরকর্মীকে পুলিশ গ্রেপ্তার করে।
এছাড়া ওই এলাকায় মিছিলের চেষ্টা করলে পুলিশ তিন শিবিরকর্মীকে আটক করে বলেও জানান তিনি।
গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশানার মনিরুল ইসলাম নিজের কাযার্লয়ে সাংবাদিকদের বলেন, “গত কয়েক মাস দেখছি হরতালের দিন কেউ পিকেটিং করে না। তারা পিকেটিং এর নামে হরতালের আগের দিন নাশকতামূলক কাজ করছে।”
তিনি বলেন, পুলিশের কাছে তথ্য থাকে হরতাল আহ্বানকারীরা রাজধানীতে ‘শতাধিক’ ঘটনা ঘটাবে। কিন্তু পুলিশ তৎপর থাকায় তা সম্ভব হয় না।
গত ১ অগাস্ট একটি রিট আবেদনের রায়ে নির্বাচন কমিশনে রাজনৈতিক দল হিসাবে জামায়াতের নিবন্ধন বাতিল করে হাই কোর্ট।
নিবন্ধন না থাকলে রাজনৈতিক দল হিসেবে সক্রিয় থাকা গেলেও নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত।
হাই কোর্টের রায়ের পরপরই রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের করে জামায়াতের নেতা-কর্মীরা। মিছিল থেকে গাড়ি পোড়ানো, ভাংচুর ও হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এরপর হরতালের ঘোষণা আসে। প্রথমে ১২ ও ১৩ অগাস্ট হরতাল ডাকা হলেও পরে হরতাল পিছিয়ে ১৩ ও ১৪ অগাস্ট করা হয়।
