২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধিকার নিয়ে তথ্যমন্ত্রীর পুরো বক্তব্য

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2013, 05:06 PM

Updated : 25 Apr 2022, 07:06 PM

মানবাধিকার বিষয়ক এনজিও ‘অধিকার’ কর্তৃক গত ১০ জুন ২০১৩ তারিখে প্রকাশিত ‘হেফাজতে ইসলাম, বাংলাদেশ এর সমাবেশ এবং মানবাধিকার লংঘন’ শীর্ষক তথাকথিত তথ্যানুসন্ধান প্রতিবেদনের বিষয়ে সরকারের বক্তব্য

তথ্যমন্ত্রীর সংবাদ সম্মেলন

ঢাকা, ১২ আগস্ট, ২০১৩ পিআইডি সম্মেলন কক্ষ,বাংলাদেশ সচিবালয়, ঢাকা

প্রিয় সাংবাদিক বন্ধুগণ,

শুভেচ্ছা ও ঈদ মোবারক।

সংক্ষিপ্ত সময়ের আহ্বানে আমাদের এ সংবাদ সম্মেলনে উপস্থিত হবার জন্য আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

আপনারা জানেন, বৈদেশিক সাহায্যপুষ্ট এনজিও ‘অধিকার’ গত ১০ জুন ২০১৩ তারিখে ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সমাবেশ এবং মানবাধিকার লংঘন’ শীর্ষক তাদের ভাষায় একটি তথ্যানুসন্ধান প্রতিবেদন প্রকাশ করে। এ প্রতিবেদনে তারা দাবি করে, গত ৫ মে ২০১৩ তারিখ দিবাগত রাতে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ছত্রভঙ্গ করার সময় আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর অভিযানে ৬১ জন নিহত হয়েছে।

প্রিয় সাংবাদিক বন্ধুগণ,

‘অধিকার’ এর এ প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হলে শাপলা চত্বরে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর অভিযান নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে। এ বিভ্রান্তির অবসান করার লক্ষ্যে ৫ মে ২০১৩ তারিখে দিন ও দিবাগত রাতে প্রকৃত ঘটনা ও হতাহতের সংখ্যা জনগণের সামনে প্রকাশ করার জন্য আমরা উদ্যোগী হই।  এরই অংশ হিসাবে তথ্যমন্ত্রীর দপ্তর থেকে গত ১০ জুলাই ২০১৩ তারিখে অধিকার-এর পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলান এর কাছে এক চিঠি দিয়ে ‘অধিকার’ এর প্রতিবেদনটি এবং তাদের দাবিকৃত নিহত ৬১ জনের নাম, তাদের পিতা-মাতার নাম, ঠিকানাসহ পূর্ণাঙ্গ তালিকা পাঠানোর অনুরোধ করা হয়।

গত ১৭ জুলাই ২০১৩ তারিখে অধিকার এর পরিচালক জনাব এ এস এম নাসির উদ্দিন এলান তার স্বাক্ষরে একটি ৩ (তিন) পৃষ্ঠার একটি চিঠির সাথে তাদের প্রতিবেদনের একটি কপি পাঠান। তাদের এ চিঠিতে তারা শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে নিহতের সংখ্যা নিয়ে সৃষ্টি করা বিভ্রান্তি দূর করে সেদিনের প্রকৃত ঘটনা ও নিহত সংখ্যার জনগণের সামনে প্রকাশে সরকারের আন্তরিক ইচ্ছাকে সামান্যতম গুরুত্ব বা সম্মান প্রদর্শন না করে এবং সাক্ষী এবং ভিকটিমদের লংঘনের  নিরাপত্তা নিশ্চিত করার কোন আইন নাই বলে তাদের দাবিকৃত ৬১ জনের নাম, তাদের পিতা-মাতার নাম, ঠিকানা জানাতে সরাসরি অস্বীকৃতি জানায়। অধিকার তাদের ঐ চিঠিতে  ১। সুপ্রীম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন, ২। তথ্য প্রদানকারী, ভিকটিম ও সাক্ষীদের সুরক্ষা প্রতিশ্র“তি দেয়া এবং ৩। তথ্য প্রদানকারী, ভিকটিম ও সাক্ষীদের মানবাধিকার রক্ষায় নিশ্চিয়তা প্রদানের শর্তে সরকারের বদলে উক্ত তদন্ত কমিশনের সাথে সহযোগীতার কথা বলে।

প্রিয় সাংবাদিক বন্ধুগণ,

বাংলাদেশের সকল আদালত এবং ট্রাইব্যুনালে ভিকটিম, সাক্ষী এবং সংশ্লিষ্ট সকল ব্যক্তির নিরাপত্তা বিধানের জন্য বাংলাদেশের প্রচলিত আইনই যথেষ্ট এবং প্রচলিত আইনের মাধ্যমেই সকল আদালত ও ট্রাইব্যুনালের বিচারকার্য সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। সুতরাং ভিকটিম ও সাক্ষীর নিরাপত্তা না থাকার কথা বলে অধিকার তাদের দাবিকৃত নিহত ৬১ জনের নাম, তাদের পিতা-মাতার নাম, ঠিকানা দেয়ার দায়িত্ব এড়ানোর অপপ্রয়াস পেয়েছে। এখানে উল্লেখ্য, বাংলাদেশে একটি স্বাধীন মানবাধিকার কমিশন কার্যকর রয়েছে। অধিকার সামান্যতম আন্তরিকতা ও স্বদিচ্ছা থাকলে তাদের দাবিকৃত নিহত ৬১ জনের তালিকা মানবাধিকার কমিশনের কাছে জমা দিতে পারতো। দেশের বিভিন্ন আদালতে মামলা দায়ের করতে পারতো। এখানে উল্লেখ্য, গত ৫ মে ২০১৩ তারিখে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঐ দিন দিনের বেলায় আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সাথে সংঘর্ষে নিহত কোন ব্যক্তি বা হেফাজত কর্মীর পরিবার পরিজনদের সাথে পরবর্তীতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী দ্বারা হয়রানি বা নিপীড়নের কোন ঘটনাও ঘটেনি যে ভিকটিম বা সাক্ষী তথ্য প্রদানে ভীত বা সন্ত্রস্ত্র হবে।

প্রিয় সাংবাদিক বন্ধুগণ,

‘অধিকার’ এর প্রতিবেদনে মাত্র ২ জন নিহত ব্যক্তি এবং ৪ জন আহত ব্যক্তির নাম ঠিকানাসহ তাদের আত্মীয় পরিজনের নাম ঠিকানা দিয়ে তাদের সাক্ষাৎকারভিত্তিক বর্ণনা এবং আর কয়েক ব্যক্তির নাম-ঠিকানাসহ তাদের সাক্ষাৎকারভিত্তিক বর্ণনা দিয়েছে। বরং তারাই তাদের প্রতিবেদনে কয়েকটি হাসপাতালে চিকিৎসা গ্রহণকারী কয়েকজনের নাম এবং ৩ জন পুলিশ সদস্য, ২ জন বিজিবি সদস্যসহ নিহতের সংখ্যা মোট ১৬ জনের নাম ঠিকানা  উল্লেখ করেছে। তাদের প্রতিবেদনের কোথাও কোনও ব্যক্তি বা তার আত্মীয় পরিজন বা কোন ভিকটিম বা সাক্ষীর বিরুদ্ধে সরকার বা আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী কর্তৃক হয়রানী বা নিপীড়নের বা তাদের মানবাধিকার লংঘনের একটি ঘটনাও উল্লেখ করা হয়নি। অধিকার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত যে ছবির বরাত দিয়েছে সে ছবিগুলোও যে ফটোশপে ইচ্ছামতো পরিবর্তন করা বা ভিন্ন দেশের ভিন্ন ঘটনার ছবি তা ইতিমধ্যেই প্রমাণিত। অধিকার তাদের প্রতিবেদনে যে গল্প ফেদেছে, সেখানে প্রত্যক্ষদর্শীদের বরাত দেয়া হয়েছে সেই প্রত্যক্ষদর্শীদেরকেও নিশ্চিতভাবে কাউকে নিহত হওয়া বা মরদেহ দেখার কথা বলেনি।

প্রিয় সাংবাদিক বন্ধুগণ,

আপনারা জানেন দেশের বৈদেশিক সাহায্যপুষ্ট এনজিওগুলি বেসরকারী সংস্থা হলেও তাদের কার্যক্রম পরিচালনার জন্য দেশে সুনির্দিষ্ট আইন, বিধি-বিধান, পরিপত্র রয়েছে। সময় ও স্থান সংকুলানের জন্য এসকল আইন, বিধি-বিধান-পরিপত্র এখানে উল্লেখ করা হলো না। আপনারা এনজিও বিষয়ক ব্যুরোর ওয়েব সাইটে আপনারা তা দেখতে পারবেন। এ সকল আইন, বিধি-বিধান, পরিপত্র অনুযায়ী বিদেশী সাহায্যপুষ্ট যে কোন  এনজিও সরকারের কাছে সরকারের চাহিদামত উক্ত এনজিও’র যে কোন তথ্য প্রদান করতে বাধ্য। অথচ অধিকার তাদের প্রতিবেদনে দাবিকৃত নিহত ৬১ জনের তালিকা দিতে অস্বীকৃতি জানায়।

প্রিয় সাংবাদিক বন্ধুগণ,

‘অধিকার’ এর তথাকথিত তথ্যানুসন্ধান প্রতিবেদন আমাদের সুষ্পষ্ট বক্তব্য ঃ

□  অধিকারের প্রতিবেদনটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক উস্কানিমূলক।

□  অধিকারের প্রতিবেদনে নিহতের সংখ্যা ৬১ জন উল্লেখ করা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য।

□  অধিকারের প্রতিবেদনটি সম্পূর্ণ মনগড়া ও কাল্পনিক।

□  অধিকারের প্রতিবেদনটি সম্পূর্ণ একপেশে। অধিকার তাদের প্রতিবেদনটির শিরোনাম ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সমাবেশ ও মানবাধিকার’ দিলেও ৫মে ২০১৩ তারিখে হেফাজতে ইসলাম সমাবেশের নামে সারাদিন ঢাকা শহরে যে ধ্বংসযজ্ঞ ও অগ্নিসংযোগ, লুণ্ঠন চালায় তার এক লাইন বর্ণনাও উল্লেখ করেনি।

□  অধিকার সরকারকে তথ্য দিতে অস্বীকৃতি জানিয়ে শুধু তথ্য অধিকার আইনের প্রতি অশ্রদ্ধা করেনি-বাংলাদেশ রাষ্ট্রকেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।

প্রিয় সাংবাদিক বন্ধুগণ,

আমরা সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ছত্রভঙ্গ করতে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর অভিযান এবং ৫মে ২০১৩ তারিখ দিনের বেলায় আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সাথে হেফাজতে ইসলাম ও হেফাজতে ইসলাম নামধারী জামাত-বিএনপি’র সংঘর্ষে নিহতের সংখ্যা নিয়ে বিএনপি-জামাত যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারাভিযান চালাচ্ছে, তারই রাজনৈতিক পরিকল্পনা ও কৌশলের অংশ হিসাবে ‘অধিকার’ তাদের এই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, রাজনৈতিক উস্কানিমূলক, সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ মনগড়া ও কাল্পনিক, সম্পূর্ণ একপেশে, সম্পূর্ণ অসত্য রিপোর্ট প্রকাশ করেছে।

প্রিয় সাংবাদিক বন্ধুগণ,

‘অধিকার’ রাজনৈতিক দল বা রাজনীতি নিরপেক্ষ কোন সংস্থা নয়। অধিকারের প্রধান কর্তার রাজনৈতিক সংশ্লিষ্টতা সম্পর্কে আপনারা জানেন। সদ্য গ্রেপ্তারকৃত অধিকার এর সাধারণ সম্পাদক জনাব আদিলুর রহমান খান ওরফে শুভ্র ২০০১ এর পরবর্তীতে বিএনপি-জামাত জোট সরকারের ডেপুটি এটর্নী জেনারেল ছিলেন। বিএনপি-জামাত জোটের প্রতি তার অনুরাগ এবং ১৪ দল মহাজোটের প্রতি তার বিরাগ প্রকাশিত। যুদ্ধাপরাধীদের বিচার ও গণজাগরণ মঞ্চের প্রতি তার বা অধিকার এর বিরাগ এবং তেঁতুল হুজুর সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদী শক্তি, জঙ্গীবাদী শক্তির প্রতি অনুরাগও প্রকাশিত। সরকার শান্তি বিনষ্টের অভিযোগে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে যেমন গ্রেপ্তার করেছিল, তেমনি গণজাগরণ মঞ্চ সংশ্লিষ্ট কয়েকজন ব্লগারকওে গ্রেপ্তার করেছিল। অধিকার আমার দেশের সম্পাদকের গ্রেপ্তারকে মানবাধিকার লংঘন বলে চিহ্নিত করলেও গ্রেপ্তারকৃত ব্লগারদের ব্যাপারে টু শব্দও করেনি। অধিকার তেতুল হুজুরের নারী অধিকার বিরোধী চরম বক্তব্যের বিরুদ্ধে বা সাঈদীর রায়ের পর দেশের বিভিন্ন স্থানে জামাত-শিবিরের সুপরিকল্পিত নাশকতা-ধ্বংসযজ্ঞ-আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের উপর হামলা-হত্যার ব্যাপারে একটি লাইনও লেখেনি। অধিকার নিরপেক্ষতার মুখোশে বিএনপি-জামাত-হেফাজতের রাজনৈতিক অঙ্গে পরিণত হয়েছে।

প্রিয় সাংবাদিক বন্ধুগণ,

‘অধিকার’ এর সাধারণ সম্পাদক জনাব আদিলুর রহমান খান ওরফে শুভ্র এর গ্রেপ্তারের সাথে তথ্যমন্ত্রীর দপ্তর থেকে তাদের উক্ত প্রতিবেদনসহ তাদের দাবিকৃত নিহত ৬১ জনের তালিকা চেয়ে পাঠানোর ঘটনার কোন সংশ্লিষ্টতা নেই। তবে দেশের কোন নাগরিক বা সংস্থা আইনের উর্ধ্বে নয়। আইন অমান্য করলে, শান্তি বিনষ্টে উস্কানী দিলে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে এটাই স্বাভাবিক। অধিকার তাদের উক্ত প্রতিবেদনের প্রচ্ছদ যে ছবি ব্যবহার করেছে তা ফটোশপ প্রযুক্তি ব্যবহার করে নিজেদের ইচ্ছামত তৈরি ব্যবহার করেছে এবং এসকল ছবিসহ প্রতিবেদনটি তাদের ওয়েবসাইটে দিয়ে সুস্পষ্টভাবে দেশের তথ্যপ্রযুক্তি আইন লংঘন করেছে এবং এর মাধ্যমে ধর্মীয় উত্তেজনা তৈরি করে রাজনৈতিক উস্কানী দিয়ে শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অপপ্রয়াস পেয়েছে। পুলিশ এ সুনির্দিষ্ট অভিযোগেই জনাব আদিলুর রহমান খান ওরফে শুভ্রকে গ্রেপ্তার করেছে।

প্রিয় সাংবাদিক বন্ধুগণ,

জনাব আদিলুর রহমান খান ওরফে শুভ্রকে গ্রেপ্তারের ঘটনায় বিদেশী কয়েকটি সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে এবং তার নিঃশর্ত মুক্তি দাবি করেছে। আমরা ঐ বিদেশী সংস্থাগুলির উদ্দেশ্যে বিনীতভাবে বলতে চাই, জনাব আদিলুর রহমান খান ওরফে শুভ্র এর গ্রেপ্তার কোন মানবাধিকার লংঘনের ঘটনা নয়। তার ব্যক্তিগত মানবাধিকার বাংলাদেশের আইন এবং সরকার, প্রশাসন, আদালত দ্বারা সুরক্ষিত। তাকে দেশের প্রচলিত আইনে সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বিদেশী ঐ সংস্থাগুলোর উদ্দেশ্যে বিনীতভাবে আরও বলতে চাই, অনুগ্রহ করে আপনারা শুধু অধিকার এর দৃষ্টিতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি দেখবেন বা পরিমাপ করবেন না, বাংলাদেশেও আরও মানবাধিকার সংস্থা, সংগঠন, কর্মী আছে তাদের সাথে কথা বলুন, তাদের কাছ থেকেও তথ্য নিন, নিজেরাও সরেজমিন পর্যবেক্ষনে আসুন। তাদের উদ্দেশ্যে আমাদের বিনীত প্রশ্ন, ‘তেতুল হুজুর’ এর মত নিকৃষ্ট নারী অধিকার বিরোধী, নারী বিদ্বেষী ব্যক্তি ও হেফাজতে ইসলামের প্রতি অতিসংবেদনশীল ও সহমর্মী ‘অধিকার’ কিভাবে মানবাধিকার সংস্থা বা কর্মী হতে পারে ?

অনেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন নিয়ে কথা বলেছেন। তাদের উদ্দেশ্যে বিনীতভাবে বলতে চাই, জাতিসংঘের সহযোগী সংস্থা  ইন্টারন্যাশনাল টেলিকম ইউনিয়ন-আইটিইউ এর গাইড লাইন অনুযায়ী বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন প্রনীত হয়েছে। বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন আন্তর্জাতিক মানসম্পন্ন আইন।

প্রিয় সাংবাদিক বন্ধুগণ,

এবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন অধিকার ৬১ জন নিহত হবার কথা বলেছে, বিএনপি-জামাতের পক্ষ থেকে কখনও ‘আড়াই হাজার’ কখনও ‘হাজার হাজার’ নিহত’, ‘লাশ গুম’, ‘নিখোজ’ হবার কথা প্রচার করা হয়েছে। যদি তাদের দাবি আর প্রচারণা যদি এতটুকু সত্য হতো, তাহলে কি নিহত, গুম, নিখোঁজদের পিতা-মাতা-ভাই-বোন-স্ত্রী-পরিজন তাদের প্রিয়জনকে জীবিত বা মৃত পাবার জন্য কান্না-আহাজারি শোনা বা দেখা যেতো না ? কারণ রানাপ্লাজা ধ্বসের পর আপনারা আমরা দেখেছি সারাদেশ থেকে আত্মীয়-স্বজনরা এসে কিভাবে জীবিত না হোক মৃত হলেও তাদের প্রিয়জন পাবার জন্য দিনের পর দিন কিভাবে আহাজারি করেছে।

প্রিয় সাংবাদিক বন্ধুগণ,

আপনারা জানেন আমি গত ৯ মে ২০১৩ তারিখে এখানেই সংবাদ সম্মেলন করে বেগম খালেদা জিয়াসহ যারা হাজার হাজার হত্যার কথা বলেছিলেন, তাদের উদ্দেশ্যে ৪৮ঘন্টার মধ্যে নিহতদের নাম তালিকা প্রকাশ করার আহ্বান জানিয়েছিলাম। কিন্তু বেগম জিয়া, হেফাজতে ইসলাম, জামাতসহ কেউই কোন নিহতের তালিকা প্রদান করেননি। অধিকার অনেক পরে হলেও তাদের তথ্যানুসন্ধান রিপোর্টে ৬১ জন নিহত হবার কথা উল্লেখ করলেও ১৬ জনের বেশি কোন নাম, ঠিকানা, তালিকা দিতে পারেনি।

প্রিয় সাংবাদিক বন্ধুগণ,

আমি আজকের সাংবাদিক সম্মেলন থেকে বেগম জিয়া, জামাত, হেফাজত, অধিকারসহ যারা শাপলা চত্বরে নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তিতে ভূগছেন বা সুপরিকল্পিতভাবে বিভ্রান্তি তৈরি করছেন তাদেরকে অবিলম্বে নিহতদের নাম, ঠিকানা, তালিকা প্রকাশ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি একইসাথে মিথ্যাচার বন্ধ করা এবং ধর্মীয় উত্তেজনা তৈরি করে রাজনৈতিক উস্কানী প্রদান করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। আমি বিশ্বাস করি, মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে রাখা যায়নি, যাবেও না।     ধন্যবাদ।