‘দেশ আবারো জঙ্গির অভয়ারণ্য হবে’
বিএনপির নেতৃত্বে ১৮ দল ক্ষমতায় এলে দেশ আবারো জঙ্গি-মৌলবাদ ও তালেবানদের অভয়ারণ্যে পরিণত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।
সোমবার বিকালে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নাসিম বলেন, যুদ্ধাপরাধীদের দল জামায়াতের সঙ্গে আঁতাত করে বিএনপিসহ ১৮ ক্ষমতায় এলে বাংলা ভাই ও শায়খ আব্দুর রহমানদের দৌরাত্ম্য বেড়ে যাবে।
অবশ্য মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাংলাদেশের সচেতন মানুষ কখনো তা হতে দেবে না বলেও তিনি আশা প্রকাশ করেন।
মৌলবাদী চিন্তায় উদ্বুদ্ধ হয়ে বিদেশের মাটিতে মেধাবী ছাত্র নাফিসের কারাদণ্ড ভোগ করায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে শত শত নাফিসের জন্ম হবে। তাদেরও এমন ভাগ্যই বরণ করতে হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে পুনর্মিলনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা তালুকদার মধু, রেফাজ উদ্দিন আহমেদ, খলিলুর রহমান, যুবলীগ নেতা লুৎফর রহমান মুকুল, জিয়াউর রহমান স্বাধীন, ছাত্রলীগ নেতা আল-আমিন, আলী আসলাম তালুকদার প্রমুখ।
