২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বজিৎ হত্যাকাণ্ডে আরো দুজনের সাক্ষ্যগ্রহণ

বহুল আলোচিত বিশ্বজিৎ দাস হত্যামামলায় সাক্ষ্য দিয়েছেন দুই পুলিশ সদস্য।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2013, 04:20 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

সোমবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন মামলার এজহার গ্রহণকারী কর্মকর্তা সূত্রাপুর থানার এসআই আরাফাতুল হক খান এবং মামলার চালান দাখিলকারী কনস্টেবল কামাল হোসেন।

তাদের সাক্ষ্যগ্রহণের পর বিচারক এ বি এম নিজামুল হক আগামী ১৯ অগাস্ট পর্যন্ত সাক্ষ্যগ্রহণ মুলতবি করেন।

এনিয়ে এই মামলার আটজন সাক্ষীর সাক্ষ্য নেয়া হল। এর আগে গত অগাস্ট সাক্ষ্য দিয়েছিলেন বাহাদুর শাহ পার্কের (ভিক্টোরিয়া পার্ক) ঝাড়ুদার মো. স্বপন হাওলাদার।

তার আগের সাক্ষী পার্কের পাশের পেট্রোল পাম্পের কর্মী মো. বাবর (বাবু) সাক্ষ্যে হত্যাকাণ্ড দেখার কথা অস্বীকার করেন, যদিও তদন্ত কর্মকর্তার কাছে প্রত্যক্ষদর্শী হিসেবে ঘটনার বর্ণনা দিয়েছিলেন তিনি।

এর আগে এই মামলায় সাক্ষ্য দেন মামলার বাদি সূত্রাপুর থানার উপ-পরিদর্শক  মো. জালাল উদ্দিন, লক্ষ্মীবাজার অতিথি টেইলার্সের কর্মচারী সুমন খান, বাহাদুর শাহ পার্কের (ভিক্টোরিয়া পার্ক) উত্তর পাশের পেট্রোল পাম্পের কর্মচারী মো. সালেক, অতিথি টেইলার্সেংর কাটিং মাস্টার আব্দুল জব্বার।

গত বছরের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধের মধ্যে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় দরজি দোকানি বিশ্বজিৎকে। ওই হত্যামামলার আসামিদের সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মী। 

বিশ্বজিৎ হত্যামামলায় গত ৫ মার্চ ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। পুলিশের দেয়া অভিযোগপত্র গ্রহণ করে গত ২৬ মে সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যদিয়ে বিচার শুরু হয়।

মামলাটি এর আগে ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হকের আদালতে ছিল। সেখানেই গত ২৬ মে ২১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।

দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাচ্ছে- একথা জানিয়ে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের কারণে মামলার সাক্ষ্যগ্রহণ বার বার পিছিয়ে যায়।

পরে মামলা বদলির বিষয়ে গত ৩০ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখার গেজেট বিজ্ঞপ্তি হাতে আসে দ্রুত বিচার ট্রাইব্যুনালে।

দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার বিচারকাজ ১৩৫ কার্যদিবসের মধ্যে শেষ করার বিধান রয়েছে।

পুরনো খবর:

বিশ্বজিৎ হত্যামামলায় সাক্ষী বৈরী