২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনালেই ফিরলেন বিচারপতি শাহিনুর

হাই কোর্ট ঘুরে আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই ফিরলেন বিচারপতি মো. শাহিনুর ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2013, 04:11 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

সোমবার আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকার হাই কোর্টের অতিরিক্ত বিচারক মো. শাহিনুর ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য হিসাবে নিয়োগ দিয়েছে।

গত রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত ৩১ জুলাই হাই কোর্টের অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগ পান শাহিনুর ইসলাম। এর আগে তিনি ট্রাইব্যুনালের বিচারকের দায়িত্ব পালন করছিলেন।

গত ৫ অগাস্ট হাই কোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে শপথ নেয়ার পর তিনি অবকাশকালীন বেঞ্চে বিচার কার্যক্রমও পরিচালনা করেন।

ট্রাইব্যুনালের নিবন্ধক হিসাবে কাজ করার পর শাহিনুরকে ট্রাইব্যুনালের সদস্য (জেলা জজ) করা হয়।। তিনি হাই কোর্টের বিচারক হওয়ার ট্রাইব্যুনালের ওই পদটি শূন্য হয়। এখন তাকে দিয়েই আবার সেই পদটি পূরণ করা হলো।

উভয় ট্রাইব্যুনালের দুই চেয়ারম্যান এবং তিন সদস্যও হাই কোর্টের বিচারক।