ঈদ মেলায় সংঘর্ষে কলেজছাত্র নিহত
খুলনার দিঘলিয়া উপজেলায় একটি গ্রামে ঈদ মেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত এক কলেজছাত্র মারা গেছেন।
সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাহিদ হাসান খান (১৬) মারা যান।
শনিবার রাতে উপজেলার বারাকপুর গ্রামে দুইপক্ষের সংঘর্ষে গুরুতর আহত নাহিদকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে তাকে ঢাকা নেওয়া হয়।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন দিঘলিয়া থানার ওসি রোকনুজ্জামান।
নাহিদ দিঘলিয়া গ্রামের রফিক আলী খানের ছেলে এবং খুলনা নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের একাদশ প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
ওসি রোকনুজ্জামান জানান, উপজেলার বারাকপুর যুবগোষ্ঠী স্থানীয় হাইস্কুল মাঠে চারদিনব্যাপী ঈদ মেলার আয়োজন করে। শনিবার রাত ৮টায় মেলার মাঠে আয়োজক কমিটির সদস্যদের সঙ্গে দিঘলিয়া উপজেলা সদরের লোকজনের প্রথমে তর্ক-বিতর্ক ও পরে হাতাহাতির ঘটনা ঘটে।
“এক পর্যায়ে বারাকপুর গ্রামের লোকজন মাইকে ঘোষণা দিয়ে লাঠিসোটা নিয়ে দিঘলিয়া উপজেলা সদরের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় নাহিদ হাসান ও সরদার রবিউল ইসলামসহ উভয়পক্ষের ৮/১০ জন আহত হয়।”
ওসি রোকনুজ্জামান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
