চেক জালিয়াতির অভিযোগে নারী আটক
চেক জালিয়াতির অভিযোগে গোপালগঞ্জে এক নারীকে আটক করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) গোপাগঞ্জ শাখা থেকে চম্পা ইসলাম সাথীকে (২৬) গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে ২০ লাখ টাকার চেকও উদ্ধার করে পুলিশ।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা জানান, চেক জালিয়াতির ঘটনায় সাথীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সাথীর স্বামী সাইফুল ইসলামের বাড়ি বাগেরহাটের কাচনা গ্রামে। সাইফুল সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার। বর্তমানে তিনি ইউএন শন্তি মিশনে মিশরে কর্মরত রয়েছেন বলেও জানান ওসি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই নারীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন বেসরকারি ব্যাংকটির গোপালগঞ্জ শাখার ম্যানেজার অর্জুন কুমার বসু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অর্জুন কুমার জানান, ‘সুমি আক্তার’ নাম পরিচয় দিয়ে গত বছরের ১ অগাস্ট তাদের ব্যাংকে একটি হিসাব খোলেন চম্পা। গত ৭ অগাস্ট তিনি ওই হিসাবে মার্কেন্টাইল ব্যাংকের ২৬ লাখ ৪২ হাজার ৫৭৯ টাকা ৩২ পয়সার একটি ডিভিডেন্ট ওয়ারেন্ট এই হিসাবে জমা দেন কালেকশনের জন্য।
কিন্তু মার্কেন্টাইল ব্যাংকে চেকটি পাঠানোর পর তা জাল বলে জানা যায়। এরপরই সুমির ইউসিবি ব্যাংকের হিসাবটি সন্দেহের তালিকায় রাখেন তারা।
ব্যাকটির এই কর্মকর্তা বলেন, রোববার ব্যাংকে এসে চম্পা টাকা উত্তোলনের জন্য ২০ লাখ টাকার চেক দিলে ব্যাংক কর্তৃপক্ষ তাকে পুলিশে দেয়।
