রনির বিরুদ্ধে আ. লীগ নেতার মামলা
সাংবাদিক পেটানোর মামলায় আটক পটুয়াখালীর সরকার দলীয় সাংসদ গোলাম মাওলা রনির বিরুদ্ধে দুটি মামলা হয়েছে, এর একটি করেছেন আওয়ামী লীগের এক নেতা।।
রোববার রাতে গলাচিপা থানায় করা এ দুটি মামলায় রনিকে প্রধান করে তার শ্যালক গলাচিপার ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মকবুল খানসহ ৭১ জনকে আসামি করা হয়।
গত ২০ জুলাই দুপুরে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় রনির অফিসে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক ইমতিয়াজ মমিন সনি ও ক্যামেরাম্যান মহসিন মুকুলকে আটকে মারধর করা হয়।
এ ঘটনায় ওইদিনই শাহবাগ থানায় পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের এই সাংসদের বিরুদ্ধে একটি মামলা হয়, যে মামলায় তিনি আটক রয়েছেন।
মামলার বরাত দিয়ে গলাচিপা থানার ওসি মো. জিয়াউল হক জিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সামসুজ্জামান লিকন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
এ মামলার অভিযোগ, ২০১০ সালের ১৭ অগাস্ট জাতীয় শোক দিবস এবং যুদ্ধাপরাধীদের বিচার তরান্বিত করার দাবিতে গলাচিপার পানপট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সমাবেশে সাংসদ রনির নেতৃত্বে তার ক্যাডাররা হামলা করে।
ফাইল ছবি
মামলাটিতে ১৭ জনের নাম উল্লেখসহ ৪২ জনকে আসামি করা হয় বলে ওসি জানান।
উপজেলার ডাকুয়া ইউনিয়ন পরিষদের বাসিন্দা মো. বদরুল ইসলাম খান বাদী হয়ে করেন অপর মামলা।
ওই মামলার বরাত দিয়ে ওসি জানান, ২০১২ সালে ২৫ মার্চ বাদীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে সাংসদ রনির নেতৃত্বে মো. মকবুল খানসহ আসামিরা তার ওপর হামলা চালায়।
এ সময় তার কাছে থাকা নগদ ৩৬ হাজার ৭০০ টাকা, তিনটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয় হামলাকারীরা।
মামলায় ১১ জনের নাম উল্লেখসহ ২৯ জনকে আসামি করা হয় বলেও জানান ওসি জিয়া।
