মাদারীপুরে বাসচাপায় মোটর সাইকেল আরোহী নিহত
মাদারীপুরে শহরে বাসচাপায় মোটর সাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর-শরীয়তপুর সড়কে এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত জেসমিন বেগম (২৮) স্বামী হান্নান মুন্সীর সঙ্গে মোটর সাইকেলে যাচ্ছিলেন। তার বাড়ি জেলা সদরের হরিকুমারিয়া এলাকায়।
মাদারীপুর ওসি মো. মনিরুজ্জামান জানান, বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি শরীয়তপুরের পালং থানার মাহমুদপুরে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন জেসমিন।
কাফেলা পরিবহনের একটি বাস মোটর সাইকেলটিকে চাপা দিলে এর পেছনে বসে থাকা জেসমিন ঘটনাস্থলেই মারা যান। আহত হন তার স্বামী।
পুলিশ বাস কিংবা এর চালককে আটক করতে পারেনি।
