ছাত্রলীগ নেতা তন্ময়কে ছুরিকাঘাত
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ও বুয়েট শাখার সাবেক সাধারণ সম্পাদক তন্ময় আহম্মেদ মুনকে গাইবান্ধার পলাশবাড়ীতে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাত ১০টার দিকে পলাশবাড়ি সরকারি কলেজ মোড়ে কয়েক মুখোশধারী তন্ময়ের ওপর হামলা চালায়।
তন্ময়ের বাবা মানিক মিয়া অভিযোগ করেন, ব্লগে লেখালেখি ও শাহবাগের গণজাগরণ মঞ্চের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে স্থানীয় শিবিরকর্মীরা তন্ময়ের ওপর হামলা চালিয়েছে।
পলাশবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিব জানান, রাতে পলাশবাড়ি সরকারি কলেজ মোড়ে তন্ময় বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন।
এ সময় হঠাৎ তিনটি মোটরসাইকেলে ৯ মুখোশধারী এসে তন্ময়ের ওপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পলাশবাড়ি থানার ওসি রেজাউল করিম।
আহত তন্ময়কে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অস্ত্রেপচারের পর তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান আবু তাহের জানান, রাত আড়াইটা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত টানা অস্ত্রোপচারের পরে তন্ময়ের জ্ঞান ফিরেছে। তিনি এখন শঙ্কামুক্ত, সবাইকে চিনতে পারছেন।
“বাম কানের নিচে এবং ডান হাতে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে আঘাত করা হয়েছে। এখনো ডান হাতের দুটি আঙ্গুল নাড়াতে পারছেন না তিনি। বাম কানের নিচের ক্ষতটি একটু বেশি গভীর হলে বড় ধরনের ক্ষতি হতে পারত।”
তন্ময়ের পাশে থাকা তার বোন নুসরাত তামান্না নিশু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্লগে মুক্তিযুদ্ধের পক্ষে ও যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে লেখালেখি করার কারণেই জামায়াত-শিবির চক্র তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে।”
তন্ময়ের বাড়ি পলাশবাড়ি উপজেলার জামালপুর গ্রামে। তিনি বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ বর্ষের ছাত্র।
